বিশ্বনেতাদের পাশে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী
ইউরোপের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ইরান: নেতানিয়াহু
ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বনেতাদের মার্কিন-ইসরায়েল জোটে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, ইরানের সামরিক সক্ষমতা এখন শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়, বরং ইউরোপের গভীর অঞ্চলেও আঘাত হানতে সক্ষম।
দক্ষিণ ইসরায়েলের আরাদ শহরে সাম্প্রতিক এক হামলার স্থান পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন নেতানিয়াহু। সেখানে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ও সমন্বিত অংশগ্রহণ জরুরি।
নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র ও সামরিক প্রযুক্তি এমন পর্যায়ে পৌঁছেছে, যা ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রাখে। ফলে এটি কেবল আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে উঠছে।
তিনি আরও দাবি করেন, ইতোমধ্যে বেশ কিছু দেশ এ জোটে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। তবে কোন দেশগুলো যুক্ত হচ্ছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।
বক্তব্যের এক পর্যায়ে ইরানকে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর অভিযোগও তোলেন ইসরায়েলি এ প্রধানমন্ত্রী। তার দাবি, ইরানের এমন কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের পরিপন্থী।
পরিস্থিতি মোকাবিলায় তিনি বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ ‘আগ্রাসন’ প্রতিহত করতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।
মধ্যপ্রাচ্যের চলমান এ উত্তেজনা ক্রমেই আন্তর্জাতিক মাত্রা পাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, বড় শক্তিগুলোর সরাসরি সম্পৃক্ততা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
সূত্র: আলজাজিরা।
সবার দেশ/কেএম




























