Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০১, ৩১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:০৩, ৩১ জানুয়ারি ২০২৬

বিশ্বকাপ জার্সি উন্মোচন বাতিল পাকিস্তানের, বয়কটের শঙ্কা বাড়ছে

বিশ্বকাপ জার্সি উন্মোচন বাতিল পাকিস্তানের, বয়কটের শঙ্কা বাড়ছে
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) হঠাৎ করেই জাতীয় দলের বিশ্বকাপ জার্সি উন্মোচনের অনুষ্ঠান স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অনিবার্য পরিস্থিতির’ কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পিসিবির পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের টসের পরপরই বিশ্বকাপ জার্সি উন্মোচনের কথা ছিলো। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়ায় শেষ মুহূর্তে অনুষ্ঠানটি বাতিল করা হয়। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করতে পারে।

সূত্র জানায়, চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত পিসিবি এমন কোনো প্রতীকী পদক্ষেপ নিতে চায় না, যা বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত বলে ব্যাখ্যা করা হতে পারে। সে কারণেই জার্সি উন্মোচনের মতো গুরুত্বপূর্ণ আয়োজন থেকেও সরে এসেছে বোর্ড।

আনুষ্ঠানিকভাবে সংযত অবস্থান নিয়েছে পিসিবি। বোর্ড জানিয়েছে, তারা সরকারের দিকনির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখেই সব সিদ্ধান্ত নিচ্ছে। ফলে ক্রিকেটীয় প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক বাস্তবতার মধ্যেই আটকে আছে পাকিস্তানের বিশ্বকাপ পরিকল্পনা।

এ অনিশ্চয়তা খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের ওপরও বাড়তি চাপ সৃষ্টি করছে। আন্তর্জাতিক সূচি এমনিতেই ব্যস্ত, তার ওপর বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত না থাকায় দলে জল্পনা ও উদ্বেগ তৈরি হয়েছে। তবুও সম্ভাব্য অংশগ্রহণ ধরে রেখেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন খেলোয়াড়রা।

তবে পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের আশঙ্কা অনেকটাই নাকচ করে দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবি ইতোমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের শ্রীলঙ্কার কলম্বো যাত্রার সূচি চূড়ান্ত করেছে। আগামী ২ ফেব্রুয়ারি ভোরে দলের কলম্বোর উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে।

পিটিআইকে পিসিবির একটি সূত্র জানায়, বিশ্বকাপ স্কোয়াডের জন্য প্রয়োজনীয় সব ভ্রমণ ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। ফলে পুরো টুর্নামেন্ট বা ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে বহুল আলোচিত ম্যাচ বয়কটের সম্ভাবনা কার্যত নেই।

ওই সূত্র আরও জানায়, ভারতের মাটিতে খেলাকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা উদ্বেগের বিষয়ে পিসিবি পূর্ণ সমর্থন জানিয়েছে। তবে আইসিসির ভেতরে নিজেদের অবস্থান ক্ষতিগ্রস্ত না করে তারা এর বাইরে খুব বেশি কিছু করার সুযোগ পাচ্ছে না।

উল্লেখ্য, বিসিসিআই, পিসিবি ও আইসিসির মধ্যে হওয়া ত্রিপক্ষীয় সমঝোতা অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত আইসিসি ইভেন্টে ভারত-পাকিস্তানের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হবে। সে চুক্তি অনুযায়ী, চলতি বিশ্বকাপে পাকিস্তানের পুরো সূচিই শ্রীলঙ্কায় নির্ধারিত রয়েছে। এমনকি পাকিস্তান ফাইনালে উঠলেও ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।

সূত্রের ভাষায়, এ বাস্তবতায় টুর্নামেন্ট বা ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কোনও যৌক্তিক কারণ দেখছে না পিসিবি।

সূত্র: এনডিটিভি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মার্কিন প্রতিনিধিদল মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে নামলে শত্রু ভাববে ইরান
অর্থ কমিটির বৈঠক অকার্যকর করার অভিযোগ হাসনাতের
হরমুজে ভাঙলো মার্কিন শক্তির দম্ভ
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ
প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
লংমার্চে বাধা এলে প্রতিহত করার ঘোষণা ১১ দলের
মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২
টেস্টে ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা
বঙ্গভবনে মির্জা ফখরুল, পিজিআরের গার্ড অব অনার
‘দুঃখ পেয়েছেন’ চুপ্পু, আমন্ত্রণ পাননি বঙ্গভবনে
আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী