Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:১১, ২ ফেব্রুয়ারি ২০২৬

ভারতের ম্যাচ বর্জনে পাকিস্তানকে কড়া শাস্তির ইঙ্গিত আইসিসির

ভারতের ম্যাচ বর্জনে পাকিস্তানকে কড়া শাস্তির ইঙ্গিত আইসিসির
ফাইল ছবি

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তে অনড় থাকলে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে—এমনই স্পষ্ট ইঙ্গিত দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

রোববার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকার ঘোষণা দেয়, জাতীয় দলকে বিশ্বকাপে অংশ নিতে অনুমতি দেয়া হলেও ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত গ্রুপ পর্বের ভারত-পাকিস্তান ম্যাচে তারা অংশ নেবে না। এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বিষয়টি নিয়ে কঠোর অবস্থান জানায় আইসিসি।

আইসিসি জানিয়েছে, এ বিষয়ে এখনও তারা পিসিবির কাছ থেকে কোনও আনুষ্ঠানিক চিঠি পায়নি। তবে সংস্থাটি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, কোনও দল টুর্নামেন্টে বেছে বেছে ম্যাচ খেলতে পারবে না। আইসিসির মতে, বৈশ্বিক কোনও আসরে অংশগ্রহণ মানেই নির্ধারিত সূচি অনুযায়ী সব ম্যাচে সমান শর্তে মাঠে নামা।

সংস্থাটি আরও জানায়, আইসিসি আয়োজিত টুর্নামেন্টগুলো ক্রীড়া নৈতিকতা, প্রতিযোগিতামূলক ভারসাম্য, ধারাবাহিকতা ও ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত হয়। কোনও দল যদি ইচ্ছামতো ম্যাচ বর্জন করে, তাহলে প্রতিযোগিতার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হবে।

যদিও আইসিসি স্বীকার করেছে যে জাতীয় সিদ্ধান্তে সরকারের ভূমিকা থাকে, তবু তাদের মতে এ ধরনের সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেটের স্বার্থের পরিপন্থী। আইসিসি বিশেষভাবে উল্লেখ করেছে, এমন সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবেন পাকিস্তানের কোটি কোটি ক্রিকেট সমর্থকও।

আইসিসি পিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে সতর্ক করেছে যে, এর দীর্ঘমেয়াদি প্রভাব পাকিস্তানের ক্রিকেটের ওপর গুরুতর হতে পারে। একই সঙ্গে বলা হয়েছে, এ ধরনের অবস্থান পুরো বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে, যার অংশ ও সুবিধাভোগী হিসেবে পাকিস্তানও রয়েছে।

এ বিতর্কের পেছনে রয়েছে ভারত-পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা। এক দশকেরও বেশি সময় ধরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ বন্ধ রয়েছে। কেবল আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টেই দুই দল মুখোমুখি হয়, সেখানেও প্রায়ই উত্তেজনা ও বিতর্ক দেখা দেয়।

রাজনৈতিক জটিলতার পাশাপাশি বড় বিষয় হয়ে উঠেছে অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ৫৫টি ম্যাচের মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচটিকেই সবচেয়ে বেশি বাণিজ্যিক মূল্যবান বলে মনে করেন সম্প্রচারক ও স্পনসররা। বিভিন্ন হিসাব অনুযায়ী, এ একটি ম্যাচ না হলে আইসিসির প্রায় ২ কোটিরও বেশি মার্কিন ডলার সরাসরি রাজস্ব ক্ষতির আশঙ্কা রয়েছে।

এখনও আইসিসি পিসিবির আনুষ্ঠানিক অবস্থানের অপেক্ষায় রয়েছে। তবে সংস্থাটির ভাষা স্পষ্ট—ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তে অটল থাকলে পাকিস্তানকে জরিমানা, পয়েন্ট কাটা বা এমনকি নিষেধাজ্ঞার মতো কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মার্কিন প্রতিনিধিদল মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে নামলে শত্রু ভাববে ইরান
অর্থ কমিটির বৈঠক অকার্যকর করার অভিযোগ হাসনাতের
হরমুজে ভাঙলো মার্কিন শক্তির দম্ভ
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ
প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
লংমার্চে বাধা এলে প্রতিহত করার ঘোষণা ১১ দলের
মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২
টেস্টে ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা
বঙ্গভবনে মির্জা ফখরুল, পিজিআরের গার্ড অব অনার
‘দুঃখ পেয়েছেন’ চুপ্পু, আমন্ত্রণ পাননি বঙ্গভবনে
আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী