পশ্চিমতীরে উত্তেজনা চরমে
অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনা হত্যা করলো এক ফিলিস্তিনি
অধিকৃত পশ্চিমতীরের তেল গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলিতে চার ফিলিস্তিনি নিহত হওয়ার পর নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর এক ফিলিস্তিনি বসতি স্থাপনকারীদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে দুই ইসরায়েলি সেনাকে গুলি করে হত্যা করেছে বলে জানা গেছে।
এর জেরে শুক্রবার (২৪ জুলাই) রাতভর পশ্চিমতীরজুড়ে ব্যাপক অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। অভিযানে বিভিন্ন এলাকা থেকে ৭০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের নামে আরও বহু সাধারণ মানুষকে আটক ও তল্লাশি করা হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, আটক ব্যক্তিরা আন্তর্জাতিক বা স্থানীয়ভাবে ‘ওয়ান্টেড’ ছিলেন এবং ফিলিস্তিনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাসসহ অন্যান্য সংগঠনের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে।
সেনাবাহিনী আরও জানায়, তেল গ্রামে সংঘর্ষের পর সেখান থেকে ১১ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ৮০ জনের বেশি মানুষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
এদিকে পশ্চিমতীরের জেনিন এলাকাতেও বড় ধরনের অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, প্রায় ৩০০টি স্থানে একযোগে তল্লাশি চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। ইসরায়েলের দাবি, আটক ব্যক্তিরা বিস্ফোরক ব্যবহার করে হামলার প্রস্তুতি নিচ্ছিলো। তবে এ দাবির পক্ষে কোনও প্রমাণ প্রকাশ করা হয়নি।
সাম্প্রতিক এ ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমতীরে নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সংঘর্ষ ও অভিযানের কারণে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সূত্র: দ্য টাইমস অব ইজরায়েল
সবার দেশ/কেএম




























