স্বেচ্ছা রক্তদাতারা মানবতার ফেরিওয়ালা: ইউআইটিএস উপাচার্য
স্বেচ্ছায় রক্তদানকারীদের মানবতার প্রকৃত বাহক হিসেবে অভিহিত করেছেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। তিনি বলেন, স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে মানুষ শুধু মানবসেবা নয়, স্রষ্টার সন্তুষ্টিও অর্জন করতে পারে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে রাজধানীর আইডিইবি মিলনায়তন-এ কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে রক্তদানকারী—কমপক্ষে ৩ বার, ১০ বার, ২৫ বার ও ৫০ বার রক্তদান করেছেন—এমন তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা দেয়া হয়। উপাচার্য নিজ হাতে তাদের মাঝে সম্মাননা সনদ, ক্রেস্ট ও মেডেল তুলে দেন।
অনুষ্ঠানে জানানো হয়, কোয়ান্টাম ল্যাব কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৭ লাখের বেশি মানুষকে রক্ত সহায়তা দেয়া হয়েছে। এর মধ্যে ৪ লাখেরও বেশি গ্রহীতা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়-এর প্রো-ভিসি ড. আশিক মোসাদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক এম রেজাউল হাসান।
এ সময় নিয়মিত রক্তদাতাদের পক্ষ থেকে আবেগঘন অভিজ্ঞতা তুলে ধরেন ৫০ বার রক্তদানকারী নুরুল মুক্তাদির বাপ্পী এবং ২৬ বার রক্তদানকারী ওয়াসিম মো. আদনানুল হক। পাশাপাশি থ্যালাসেমিয়ায় আক্রান্ত নিয়মিত রক্তগ্রহীতা সুমাইয়া আক্তার সিমি ও জুমান আল সাদ তাদের অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কোয়ান্টাম ল্যাবের পক্ষ থেকে সকল স্বেচ্ছা রক্তদাতার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে দেশে রক্তের চাহিদা পূরণে তরুণদের আরও বেশি করে স্বেচ্ছা রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
সবার দেশ/কেএম




























