তারকায় ঝলমলে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫
আজীবন সম্মাননায় নায়ক আলমগীর
দেশের বিনোদন অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫ জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসে এ তারকাবহুল আসর, যা ছিলো আয়োজনটির ২৭তম আসর।
এবারের অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয় বরেণ্য অভিনেতা আলমগীরকে। তার দীর্ঘ অভিনয়জীবনের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা তুলে দেন চলচ্চিত্র নির্মাতা অঞ্জন চৌধুরী ও মতিউর রহমান। পাশাপাশি সংগীতে বিশেষ অবদানের জন্য সম্মানিত হন জনপ্রিয় রকস্টার মাহফুজ আনাম জেমস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তাদের প্রাণবন্ত উপস্থাপনায় পুরো আয়োজনটি দর্শকদের কাছে হয়ে ওঠে আরও উপভোগ্য।
এবারের আয়োজনে ৮টি জনপ্রিয় ক্যাটাগরিতে ৩২ জন এবং ১২টি সমালোচক ক্যাটাগরিতে ৩৬ জন শিল্পী মনোনয়ন পান। দর্শকের ভোট এবং জুরি বোর্ডের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।
দর্শক ও বিচারকদের রায়ে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন আফরান নিশো এবং সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন তমা মির্জা। নবীন শিল্পীদের মধ্যে সেরা অভিনয়শিল্পী হিসেবে পুরস্কার জিতেছেন শাম্মি ইসলাম নীলা।
১৯৯৯ সালে যাত্রা শুরু করা এ আয়োজন এখন দেশের বিনোদন জগতের অন্যতম গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠিত। স্কয়ার টয়লেট্রিজ ও প্রথম আলোর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান দেশের সংস্কৃতি ও সৃজনশীল শিল্পকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পুরস্কার বিতরণের পাশাপাশি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করেছে, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
সবার দেশ/কেএম




























