প্রয়াত কারিনাকে বিশেষ সম্মাননা দেবে চরকি
প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ সম্মাননা দেয়ার ঘোষণা দিয়েছে চরকি। প্রতিষ্ঠানটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘চরকি কার্নিভাল’-এ তাকে এ সম্মাননা প্রদান করা হবে।
আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য ‘চরকি কার্নিভাল’-এ ২০২৩ ও ২০২৪ সালে চরকিতে মুক্তিপ্রাপ্ত বিভিন্ন কনটেন্টের সেরা শিল্পী ও নির্মাতাদের পুরস্কৃত করা হবে। ইতোমধ্যে ২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগের মনোনয়ন তালিকাও প্রকাশ করা হয়েছে।
মনোনয়ন তালিকায় ওয়েব ফিল্ম ৩৬-২৪-৩৬-এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী (ফিমেল) বিভাগে স্থান পেয়েছিলেন কারিনা কায়সার। তবে তার আকস্মিক মৃত্যুতে তাকে প্রতিযোগিতার বাইরে রেখে বিশেষভাবে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, কারিনার অসাধারণ কাজ দর্শকদের মনে দীর্ঘদিন বেঁচে থাকবে। তিনি এখন সব ধরনের প্রতিযোগিতার ঊর্ধ্বে অবস্থান করছেন। তাই তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবারের চরকি অ্যাওয়ার্ডসে তাকে বিশেষ সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এবারের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগে সেরা ছবির মনোনয়ন পেয়েছে কাছের মানুষ দূরে থুইয়া, তুফান, লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী এবং ৩৬-২৪-৩৬। এছাড়া সেরা অভিনেতা-অভিনেত্রী, সিরিজ, গানসহ বিভিন্ন বিভাগে মনোনয়ন ঘোষণা করা হয়েছে।
চরকির ওয়েবসাইটে গিয়ে সাবস্ক্রাইবাররা তাদের পছন্দের কনটেন্ট ও শিল্পীদের জন্য ভোট দিতে পারছেন। ইতোমধ্যে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে।
সবার দেশ/কেএম




























