দুই অঙ্কের পতনে স্বস্তি
যুদ্ধবিরতির খবরে তেলের বাজারে ধস
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণার পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর এ নাটকীয় ঘোষণার পরই বাজারে বিক্রির চাপ বাড়তে থাকে, ফলে দ্রুত নিচে নামতে শুরু করে দাম।
রয়টার্সের তথ্য অনুযায়ী, মার্কিন অপরিশোধিত তেল (WTI) প্রায় ১৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৫৯ ডলারে নেমে এসেছে। একইভাবে আন্তর্জাতিক বাজারের মানদণ্ড অপরিশোধিত তেলের দামও ১৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকরা বলছেন, মূলত যুদ্ধের আশঙ্কা কমে যাওয়াই এ বড় পতনের প্রধান কারণ। এর আগে পরিস্থিতি ছিলো একেবারেই উল্টো। ইরানের তেলক্ষেত্রে সম্ভাব্য মার্কিন হামলার শঙ্কা এবং পাল্টা হিসেবে তেহরানের পক্ষ থেকে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি বিশ্ববাজারে ব্যাপক অস্থিরতা তৈরি করেছিলো।
বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল সরবরাহ এ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এটি বন্ধ হয়ে গেলে সরবরাহে বড় ধাক্কার আশঙ্কায় তেলের দাম দ্রুত বাড়তে থাকে। তবে যুদ্ধবিরতির ঘোষণায় সে শঙ্কা আপাতত কমে আসায় বাজারে স্বস্তি ফিরেছে।
তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এ পতন স্থায়ী নাও হতে পারে। কারণ দুই সপ্তাহ পর পরিস্থিতি আবার উত্তপ্ত হলে তেলের বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হওয়ার ঝুঁকি থেকেই যাচ্ছে।
সবার দেশ/কেএম




























