জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
খারাপ আবহাওয়ার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন • সর্বশেষ অবস্থান বানজারমাসিন থেকে ১৪৮ কিলোমিটার দূরে • উদ্ধার অভিযানে একাধিক সংস্থা
ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪১ যাত্রী ও নাবিক নিয়ে একটি জাহাজ নিখোঁজ হয়েছে। পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানতানের উদ্দেশে যাওয়ার পথে শনিবার দিবাগত রাত ২টার দিকে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি জানার পরপরই জাহাজটির সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিখোঁজ জাহাজটির নাম ‘ভির্গো ট্রান্সপোর্ট ৮’। এটি পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে দক্ষিণ কালিমানতান প্রদেশের বানজারমাসিনের উদ্দেশে যাত্রা করেছিলো। শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ১৩ মিনিটে সুরাবায়া বন্দর থেকে যাত্রা শুরু করে জাহাজটি। সুরাবায়া ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর।
জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে জানায়, যাত্রাপথে জাহাজটি বৈরী আবহাওয়ার মধ্যে পড়েছিলো। এরপরই বিষয়টি অনুসন্ধান ও উদ্ধার কর্তৃপক্ষকে জানানো হয়।
যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রায় দুই ঘণ্টা পর ঘটনাটি জানতে পারে দক্ষিণ কালিমানতানের বানজারমাসিন শহরের অনুসন্ধান ও উদ্ধার দফতর। দফতরের প্রধান ই পুতু সুদায়ানা এক ভিডিও ব্রিফিংয়ে এ তথ্য জানান।
প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, জাভা সাগরে জাহাজটির সর্বশেষ অবস্থান ছিল বানজারমাসিনের একটি ঘাট থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে। যাত্রী তালিকা অনুযায়ী, জাহাজটিতে ২৪১ জন ছিলেন। তবে এখন পর্যন্ত কোনও হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর বানজারমাসিনের বাসিরিহ অনুসন্ধান ও উদ্ধার ঘাট থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে। একই সঙ্গে একটি উদ্ধারকারী জাহাজও জাহাজটির সর্বশেষ জানা অবস্থানের দিকে রওনা হয়েছে।
উদ্ধার অভিযানটির সমন্বয় করছেন ই পুতু সুদায়ানা। তিনি জানান, নিখোঁজ জাহাজটিতে বিপুলসংখ্যক যাত্রী ও নাবিক থাকায় সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। কর্তৃপক্ষের হাতে থাকা জনবল ও উদ্ধার সরঞ্জাম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজে লাগানো হচ্ছে।
নিখোঁজ জাহাজটির সন্ধানে সামুদ্রিক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে অনুসন্ধান ও উদ্ধার দফতর। একই সঙ্গে জাভা সাগরের সংশ্লিষ্ট এলাকার আবহাওয়া পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
উদ্ধারকারী দলগুলো জাহাজটির সর্বশেষ জানা অবস্থানকে কেন্দ্র করে তল্লাশি চালাচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান যাতে ব্যাহত না হয়, সে বিষয়েও সতর্ক রয়েছে কর্তৃপক্ষ।
সবার দেশ/এমকেজে




























