Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩৮, ২৫ মার্চ ২০২৬

বিশেষ কমিটির প্রথম বৈঠকে ৪০টি অধ্যাদেশ পর্যালোচনা

১০ এপ্রিলের মধ্যে নিষ্পত্তি না হলে স্বয়ংক্রিয় বাতিল ১৩৩ অধ্যাদেশ

#জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তির অধ্যাদেশ পাশে সবাই একমত #জুলাই-গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ হুবহু থাকছে #সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার বিষয়ে আলোচনা #সংবিধানে প্রাধান্য সরকারি দলের, বিরোধী দল ‘জনআকাঙ্ক্ষা’য়

১০ এপ্রিলের মধ্যে নিষ্পত্তি না হলে স্বয়ংক্রিয় বাতিল ১৩৩ অধ্যাদেশ
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ আগামী ১০ এপ্রিলের মধ্যে জাতীয় সংসদে নিষ্পত্তি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব অধ্যাদেশ আইন হিসেবে পাস না হলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

সংবিধানের ৯৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ অধিবেশন না থাকাকালে রাষ্ট্রপতি যে অধ্যাদেশ জারি করেন, তা সংসদের প্রথম বৈঠকেই উত্থাপন করতে হয় এবং ৩০ দিনের মধ্যে অনুমোদন না পেলে তা বাতিল হয়ে যায়।

গত ১২ মার্চ শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকেই সব ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এরপর ১৫ মার্চ দ্বিতীয় বৈঠকে এসব অধ্যাদেশ পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটিতে পাঠানো হয় এবং কমিটিকে আগামী ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এদিকে সংসদের স্থায়ী কমিটিগুলো এখনও গঠিত না হওয়ায় অধ্যাদেশগুলো দ্রুত পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে ১৩৩টির মধ্যে ৪০টি অধ্যাদেশ নিয়ে প্রাথমিক আলোচনা করা হয়।

বৈঠকে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ-২০২৬’ নিয়ে কমিটির সদস্যরা একমত হয়েছেন। এ অধ্যাদেশটি সংসদে অনুমোদনের জন্য সুপারিশ করা হবে। পাশাপাশি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ-২০২৫’ অপরিবর্তিত রাখার বিষয়েও সম্মতি এসেছে।

এছাড়া সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, এ বিষয়ে কমিটির বেশির ভাগ সদস্য একমত পোষণ করেছেন, যদিও বিরোধী দল থেকে বয়সসীমা আরও বাড়ানোর প্রস্তাবও এসেছে।

বিশেষ কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বৈঠক শেষে সাংবাদিকদের জানান, সব অধ্যাদেশ নিয়ে এখনও পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হয়নি। কিছু বিষয়ে ভিন্নমত রয়েছে এবং কয়েকটি বিষয়ে আরও ব্যাখ্যার প্রয়োজন থাকায় সেগুলো পরবর্তী বৈঠকের জন্য স্থগিত রাখা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই কমিটি সংসদে প্রতিবেদন জমা দিতে পারবে।

কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এত সংখ্যক অধ্যাদেশ এক বৈঠকে নিষ্পত্তি করা সম্ভব নয়। এজন্য আরও কয়েক দফা বৈঠক করতে হবে। তিনি জানান, ‘জুলাই ইনডেমনিটি’ সংক্রান্ত বিষয়ে সবাই একমত হয়েছেন এবং প্রয়োজন হলে পরবর্তীতে সংশোধনী আনা যেতে পারে।

তিনি আরও বলেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে চায়। একই সঙ্গে পূর্ববর্তী সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণসহ কিছু বিষয়ে জারি করা অধ্যাদেশগুলোও পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী গ্রহণ বা সংশোধন করা হবে।

অন্যদিকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সংবিধান ও জনআকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করেই এগোতে চায় সরকার। তবে সংবিধানই সর্বোচ্চ—এটি মাথায় রেখেই সব সিদ্ধান্ত নেয়া হবে।

বিরোধী দলের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া ব্যক্তিদের সুরক্ষার বিষয়ে তারা একমত। তবে সংবিধান ও ‘জুলাই আকাঙ্ক্ষা’র মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে জনগণের চাহিদাকেই প্রাধান্য দেয়া উচিত বলে তিনি মত দেন।

জানা গেছে, প্রথম বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, গৃহায়ন, পরিবেশ, যুব ও ক্রীড়াসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মোট ৪০টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

কমিটির পরবর্তী বৈঠক দ্রুতই অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সময়সীমা সীমিত হওয়ায় আগামী কয়েক দিনের মধ্যেই এসব অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ওপর জোর দিচ্ছে সংসদ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফেরিতে ওঠার সময় বাস নদীতে, হতাহতের শঙ্কা
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় দোহায় শাকিরার কনসার্ট স্থগিত
কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’কে হত্যা
নিজেদের পরাজয়কে চুক্তি বলবেন না—যুক্তরাষ্ট্রকে ইরান
তেল সংকটে থমকে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি
হাসনাত আবদুল্লাহর হস্তক্ষেপে ফের চালু হচ্ছে নবীন ফ্যাশন
রুহুল কুদ্দুস কাজল নতুন অ্যাটর্নি জেনারেল, প্রজ্ঞাপন জারি
বকেয়া বিলেই আটকে আছে সাহিত্যিক বকুল হায়দারের লাশ
শিশুস্বাস্থ্যে প্রতিশ্রুতি, শিক্ষায় প্রযুক্তির জোর
উপজেলা-পৌরসভায় প্রশাসক নিয়োগে সিদ্ধান্ত হয়নি
জমি কম পাওয়ার ক্ষোভে বাবার কবর ভাঙচুর
নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
২৫ মার্চের প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি স্থগিত
ধ্বংসস্তূপের চাপে আলোচনায় ট্রাম্প—ইরানকে ১৫ দফা শান্তি প্রস্তাব
১০ এপ্রিলের মধ্যে নিষ্পত্তি না হলে স্বয়ংক্রিয় বাতিল ১৩৩ অধ্যাদেশ
২৬৪ কর্মকর্তা হলেন সিনিয়র সহকারী সচিব
সস্তা ড্রোনে চাপে ট্রাম্প—‘মশা মারতে কামান’ ছুড়ছে মার্কিন জোট