প্রায় সব উপদেষ্টা সম্পদের হিসাব জমা দিয়েছেন, শিগগিরই প্রকাশ
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দুয়েকজন উপদেষ্টা ছাড়া প্রায় সবাই সম্পদের হিসাব জমা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, খুব শিগগিরই এসব সম্পদের তথ্য প্রকাশ করা হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন হতে পারে—এ প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, এ মুহূর্তে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে সরকার আশাবাদী।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, দলটি গত নভেম্বর থেকে বিভিন্নভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। তবে বর্তমানে তারা কার্যত অনলাইনকেন্দ্রিক হয়ে পড়েছে; মাঠে বড় কোনও মিছিল বা কর্মসূচি চোখে পড়ছে না বলেও মন্তব্য করেন তিনি।
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রেস সচিব দাবি করেন, গত ১৮ মাসে গণমাধ্যম পুরোপুরি নিয়ন্ত্রণমুক্ত ছিলো এবং স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পেরেছে। কোনও গণমাধ্যম বন্ধ না হয়, সে বিষয়ে সরকার নজর রেখেছে বলেও জানান তিনি। পাশাপাশি শেখ হাসিনার শাসনামলে বন্ধ হওয়া কয়েকটি গণমাধ্যম পুনরায় চালু এবং এ খাতে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের কথাও উল্লেখ করেন।
এ সময় উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে মোট ৩৩০ জন বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে সর্বোচ্চ প্রায় ২১১ জন পর্যবেক্ষক আসার কথা রয়েছে।
তিনি আরও বলেন, কাউকে জোরপূর্বক ‘সার্টিফিকেট’ নেয়া অন্তর্বর্তী সরকারের লক্ষ্য নয়; বরং নির্বাচন ও সংস্কার কার্যক্রমে আন্তর্জাতিক মান বজায় রেখেই সরকার কাজ করছে।
সবার দেশ/কেএম




























