বিএনপি ক্ষমতায় গিয়েই জনগণকে ভুলে গেছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ক্ষমতায় এসে বিএনপি জনগণের রক্তের ঋণ ভুলে গেছে এবং নতুন বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশের ইতিহাসে প্রতিটি আন্দোলন-সংগ্রামে শ্রমজীবী মানুষের অবদান সবচেয়ে বেশি। ১৯৪৭ সালের স্বাধীনতা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, পরবর্তী সব গণঅভ্যুত্থান, এমনকি ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও যারা জীবন দিয়েছেন, তাদের বড় অংশই ছিলেন শ্রমিক ও নিম্নআয়ের মানুষ।
তিনি বলেন, যে শ্রমজীবী মানুষের রক্তের ওপর দিয়ে নতুন সরকার ক্ষমতায় এসেছে, সে সরকার এক মাসের মধ্যেই জনগণের সঙ্গে প্রতারণা করেছে। গণভোটে পাওয়া গণরায়কে উপেক্ষা করে তারা নতুন বাংলাদেশের চেতনার সঙ্গে বেঈমানি করেছে।
বিএনপির কঠোর সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, এ সরকার গণবিরোধী সরকার। ক্ষমতার স্বাদ পাওয়ার পর বিএনপি জনগণের রক্ত ও ত্যাগের কথা ভুলে গেছে।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো আইনে পরিণত করা এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিলো, তারা তা ভঙ্গ করেছে।
তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে ওয়াদা ভঙ্গের পরিণতি কখনও ভালো হয়নি। জনগণ আবারও রাজপথে নামবে। গণআন্দোলনের মাধ্যমে শ্রমিকের অধিকার ও সংস্কার বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।
সম্মেলনে শ্রমিক অধিকার, মজুরি কাঠামো, সামাজিক নিরাপত্তা ও রাজনৈতিক সংস্কার নিয়ে বিভিন্ন দাবিও তুলে ধরা হয়।
সবার দেশ/কেএম




























