সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ
‘চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড’ দাবি আসিফ মাহমুদের
দেশে চাঁদাবাজি ও দুর্নীতি রোধে বিশেষ ‘কার্ড’ চালুর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, বর্তমান সময়ে দেশের সবচেয়ে বড় সমস্যা চাঁদাবাজি ও দুর্নীতি, তাই এ থেকে মুক্তি পেতে সরকারকে বিশেষ উদ্যোগ নিতে হবে।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আংশিক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীকে বলবো, আমাদের চাঁদাবাজ ও দুর্নীতিবিরোধী কার্ড দিন। তার মতে, রাষ্ট্রীয় উদ্যোগ ছাড়া এ সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
এ সময় তিনি সরকারকে তীব্র সমালোচনাও করেন। তিনি দাবি করেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং রাষ্ট্র পরিচালনায় দুর্বলতার পরিচয় দিচ্ছে। তার ভাষায়, নির্বাচনের পর থেকে প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অস্থিরতা বাড়ছে।
সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তেলের মজুত থাকা সত্ত্বেও পাম্পে দীর্ঘ লাইনের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, নীতিগত স্বচ্ছতার অভাব রয়েছে। একই সঙ্গে অর্থ ছাপানোর বিষয়ে সরকারের ব্যাখ্যাকেও তিনি প্রশ্নবিদ্ধ করেন।
এনসিপির সাংগঠনিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, দলকে শক্তিশালী ও সংগঠিত করার কাজ চলছে। তার দাবি, নির্বাচনে জনগণের দেয়া প্রতিটি ভোট সুরক্ষিত রাখতে তারা প্রতিটি কেন্দ্রে সক্রিয় থাকবেন।
তিনি আরও বলেন, এনসিপির দরজা সাধারণ মানুষের জন্য খোলা থাকবে, তবে গণহত্যা, ফ্যাসিবাদ, সন্ত্রাস বা চাঁদাবাজির সঙ্গে যুক্তদের জন্য কোনও সুযোগ থাকবে না।
অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
সবার দেশ/কেএম




























