ফেনীতে হাসনাত আবদুল্লাহ
বিএনপি জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে
ফেনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে বিএনপির কঠোর সমালোচনা করেছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি ক্ষমতায় এসে জনগণের হাতে বিদ্যুতের পরিবর্তে হারিকেন ও মোমবাতি ধরিয়ে দিয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’র উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে মানুষের প্রত্যাশা পূরণে তারা সফল হতে পারেননি। আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি যথাযথ দায়িত্ব পালন করা সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশে এখনও মাদক, দুর্নীতি ও চাঁদাবাজি পুরোপুরি বন্ধ হয়নি। একই সঙ্গে বেকারত্ব ও দ্রব্যমূল্যের চাপও কমেনি। তার ভাষ্য, গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হলেও সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে বিভাজনের রাজনীতি এখনো বিদ্যমান রয়েছে।
স্থানীয় পর্যায়ের বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, মানুষ চাঁদাবাজি ও দুর্নীতির অবসান চাইলেও বাস্তবে অনেক ক্ষেত্রে শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে, ব্যবস্থার পরিবর্তন হয়নি। উদাহরণ হিসেবে তিনি বলেন, সোনাগাজীতে আগে এক পক্ষ বালুর ব্যবসা নিয়ন্ত্রণ করতো, এখন অন্য পক্ষ করছে। একইভাবে আগে এক পক্ষ মামলা বাণিজ্য করতো, এখন তা অন্য পক্ষের হাতে গেছে।
কর্মসংস্থান প্রসঙ্গে এনসিপির এ নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিলো শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা। কিন্তু এখনও সে প্রত্যাশা পূরণ হয়নি। তিনি দাবি করেন, সরকারপ্রধান এক কোটি কর্মসংস্থানের কথা বললেও গত ছয় মাসে প্রত্যাশিত হারে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়নি।
বিদ্যুৎ পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে জনগণের হাতে বিদ্যুতের পরিবর্তে হারিকেন ও মোমবাতি ধরিয়ে দিয়েছে। জনগণের প্রকৃত অবস্থা জানতে হলে মাঠে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলারও আহ্বান জানান তিনি।
এ সময় তিনি আরও অভিযোগ করেন, শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে সমাজে মাদক ও জুয়ার বিস্তার ঘটতে দেওয়া হচ্ছে, যা দেশের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক।
সবার দেশ/কেএম




























