জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাড়ার একদিনের মাথায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি দলের সহযোগী সদস্যপদের ফরম পূরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন।
জানা গেছে, এ সময় ছাত্রশিবিরের সদ্যবিদায়ী আরও কয়েকজন নেতাও জামায়াতে যোগদানের জন্য সহযোগী সদস্যপদের ফরম সংগ্রহ করেন।
এর আগে সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে আবু সাদিক কায়েম ইসলামী ছাত্রশিবির থেকে বিদায়ের ঘোষণা দেন। সংগঠনটিতে তিনি সর্বশেষ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক অঙ্গনে তার এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তাকে নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।
জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে, গত জুনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম চূড়ান্ত করা হয়। তবে বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, প্রার্থী চূড়ান্ত করার এখতিয়ার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ মজলিসে শূরার। সে বৈঠকের সিদ্ধান্তের পরই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
এদিকে জামায়াতের কেন্দ্রীয় পর্যায় থেকে এখনও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে কোনও প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
তবে দলটির আরেকটি দায়িত্বশীল সূত্রের দাবি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আবু সাদিক কায়েমের নামই প্রায় চূড়ান্ত। আনুষ্ঠানিক ঘোষণা কেবল সময়ের অপেক্ষা।
সবার দেশ/কেএম




























