উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইরান থেকেও ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
ইসরায়েলের নৌঘাঁটিতে হিজবুল্লাহর মিসাইল হামলা
ইসরায়েলের গুরুত্বপূর্ণ নৌঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলের হাইফা শহরের নৌঘাঁটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
শনিবার (৭ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত প্রায় ২টার দিকে এবং স্থানীয় সময় রাত ৮টার দিকে এক বিবৃতিতে এ তথ্য জানায় হিজবুল্লাহ।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা হাইফা নৌঘাঁটি লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করা হয়েছে।
এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কিরাত সামোনাকে লক্ষ্য করেও একাধিক রকেট হামলা চালায় হিজবুল্লাহ। ওই হামলার কিছু সময় পরই নতুন করে হাইফা নৌঘাঁটির দিকে মিসাইল ছোঁড়া হয় বলে জানানো হয়েছে।
একই সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে ইরান থেকেও কয়েক ধাপে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
এদিকে ইসরায়েলের পক্ষ থেকে হামলার ক্ষয়ক্ষতি বা বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনওে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের জেরে ইসরায়েল, ইরান এবং তাদের মিত্রদের মধ্যে উত্তেজনা ক্রমেই তীব্র হয়ে উঠছে বলে বিশ্লেষকদের ধারণা।
সূত্র- টাইমস অব ইসরায়েল
সবার দেশ/কেএম




























