হাদি হত্যা নিয়ে মন্তব্যে মমতার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা
ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে জনসভায় মন্তব্য করার জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতাসহ একাধিক ধারায় মামলা দায়ের করেছেন শিলিগুড়ির এক আইনজীবী।
বৃহস্পতিবার (৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। মামলাটি করেছেন আইনজীবী রিঙ্কি সিং।
অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ থেকে আসা এক ‘বড় খুনি’কে নিয়ে মন্তব্য করেন এবং পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর অভিযানের প্রসঙ্গ টানেন। ওই বক্তব্যে তিনি প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেন, যা নিয়ে দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে অভিযোগকারীর দাবি।
আইনজীবী রিঙ্কি সিং বলেন, একজন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার সময় তিনি দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার অঙ্গীকার করেছিলেন। কিন্তু তার বক্তব্যে প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তিনি আরও দাবি করেন, এ ধরনের মন্তব্যের ফলে বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব বাড়তে পারে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হতে পারে।
আগামী সোমবার কলকাতা হাইকোর্ট খুললে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করার পরিকল্পনার কথাও জানান মামলাকারী আইনজীবী।
এদিকে এরই মধ্যে শিলিগুড়ি সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, মামলায় ইউএপিএ (Unlawful Activities Prevention Act) আইনের বিভিন্ন ধারা উল্লেখ করা হয়েছে, যা মূলত সন্ত্রাস দমন আইনের আওতায় পড়ে এবং জামিনযোগ্য নয় বলে পরিচিত।
সবার দেশ/কেএম




























