বিয়ের আনন্দ থেকে শোকের মিছিল
জীবনে প্রথম একসঙ্গে ৯ কবর খুঁড়লাম: গোরখোদক
খুলনার মোংলায় বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিয়েছে শোকের মাতমে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো স্বজনদের দাফনের জন্য জীবনে প্রথমবার একসঙ্গে ৯টি কবর খুঁড়তে হয়েছে গোরখোদকদের।
শুক্রবার (১৩ মার্চ) সকালে মোংলা পৌর কবরস্থানে কবর খননের কাজ শুরু করেন গোরখোদক মুজিবর, বারেক ও রমজান। এর মধ্যে সাতটি ছিলো বড়দের এবং দুটি ছিলো শিশুর কবর।
গোরখোদক মুজিবর জানান, প্রায় ১৮ থেকে ২০ বছর ধরে তারা কবর খননের কাজ করছেন। কিন্তু একদিনে এতগুলো কবর কখনও খুঁড়তে হয়নি তাদের।
তিনি বলেন, জীবনে প্রথমবার একসঙ্গে ৯টি কবর খুঁড়লাম। সেটিও আবার একই পরিবারের সদস্যদের জন্য। তাই পাশাপাশি কবরগুলো খুঁড়তে হয়েছে। এমন ঘটনা সত্যিই অত্যন্ত দুঃখজনক।
বৃহস্পতিবার দুপুরে খুলনার কয়রা উপজেলার নকশা গ্রামের মার্জিয়া আক্তারের সঙ্গে মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেলাবুনিয়া এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে আহাদুর রহমান সাব্বিরের বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বরযাত্রীদের নিয়ে বিকেলে মাইক্রোবাসটি খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, তার ছেলে বর আহাদুর রহমান সাব্বির, সাব্বিরের ভাই আব্দুল্লাহ সানি, বোন উম্মে সুমাইয়া ঐশী, ঐশীর ছেলে সামিউল ইসলাম ফাহিম, বড় ভাই আশরাফুল আলম জনির স্ত্রী ফারহানা সিদ্দিকা পুতুল এবং তাদের সন্তান আলিফ, আরফা ও ইরাম।
এ ছাড়া দুর্ঘটনায় নিহত হয়েছেন মাইক্রোবাসচালক মো. নাঈম শেখ। তার বাড়ি রামপাল উপজেলার জিগির মোল্লা এলাকায়।
অন্যদিকে কনের পক্ষের নিহতদের মধ্যে রয়েছেন নববধূ মার্জিয়া আক্তার (মিতু), তার ছোট বোন লামিয়া আক্তার, দাদি রাশিদা বেগম ও নানি আনোয়ারা বেগম। তাদের বাড়ি কয়রা উপজেলার নকশা গ্রামে।
এ ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। তিনি জানান, জেলা প্রশাসনের ত্রাণ তহবিল, জেলা পরিষদ এবং সড়ক পরিবহন আইনের ৫৪ ধারার আওতায় নিহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেয়া হবে। ইতোমধ্যে নিহত মাইক্রোবাসচালক মো. নাঈম শেখের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
সবার দেশ/কেএম




























