রাউজানে শিশু মেজবাহকে চার ঘণ্টা পর মৃত উদ্ধার
চট্টগ্রামের রাউজান উপজেলায় পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হওয়া তিন বছর বয়সী শিশু মেজবাহকে চার ঘণ্টা পর উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম জোন-৩-এর উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জয়নগর বড়ুয়াপাড়া গুচ্ছ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সার্চ ভিশন ক্যামেরা ব্যবহার করে প্রায় ৩০ ফুট গভীরে শিশুটির অবস্থান শনাক্ত করে। দীর্ঘ উদ্ধার তৎপরতার পর সন্ধ্যার দিকে শিশুটিকে গর্ত থেকে তোলা হয় এবং দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।
নিহত মেজবাহ ওই এলাকার দিনমজুর সাইফুল ইসলামের ছেলে। শিশুটির মা রাশেদা বেগম বলেন, তাদের ঘরের পাশের ঢালু জায়গায় সরকারি একটি প্রকল্পের আওতায় প্রায় তিন বছর আগে টিউবওয়েলের জন্য গর্ত করা হয়েছিলো। কাজ শেষ হলেও গর্তটি সম্পূর্ণভাবে ভরাট করা হয়নি। বিকেলে তিনি ঘরের কাজে ব্যস্ত ছিলেন, আর মেজবাহ পাশে খেলছিলো। কখন যে সে গর্তে পড়ে যায়, তা তিনি বুঝতে পারেননি। পরে শিশুটির কান্নার শব্দ শুনে বাইরে গিয়ে গর্তের ভেতরে তাকে দেখতে পান।
রাউজান থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, গর্তটি একটি সরকারি প্রকল্পের কাজের অংশ হিসেবে খোঁড়া হয়েছিলো। উদ্ধার শেষে শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হলেও পরে তার মৃত্যুর খবর পাওয়া যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সবার দেশ/কেএম




























