সিরাজগঞ্জে হাত ধোয়ার বেসিন ধসে দুই শিশুর মৃত্যু
সিরাজগঞ্জ সদর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্মিত একটি হাত ধোয়ার বেসিনসহ দেয়াল ধসে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা বাজারে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—চর শৈলাবাড়ী এলাকার ফরিদুল ইসলামের ছেলে রায়হান (৪) এবং সজিব সেখের মেয়ে সুমি খাতুন (২)। আহত শিশু সানজিদা খাতুন (৩) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিকেল চারটার দিকে তিন শিশু পরিত্যক্ত হাত ধোয়ার বেসিনটির পাশে খেলাধুলা করছিলো। একপর্যায়ে তারা বেসিনটির ওপর উঠলে হঠাৎ করে বেসিনসহ পাশের দেয়ালটি ধসে পড়ে। এতে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রায়হান ও সুমি খাতুনের মৃত্যু হয় এবং সানজিদা গুরুতর আহত হয়। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় বেসিনটি নড়বড়ে হয়ে পড়েছিলো, যা দুর্ঘটনার কারণ।
সদর থানার ওসি (তদন্ত) মো. আহসানুজ্জামান জানান, করোনাকালীন সময়ে বাজার এলাকায় হাত ধোয়ার সুবিধার জন্য বেসিনটি নির্মাণ করা হয়েছিলো। বর্তমানে এটি পরিত্যক্ত অবস্থায় ছিলো। প্রতিদিনই শিশুরা বেসিনটির ওপর ও আশপাশে খেলাধুলা করতো। রোববার বিকেলেও তারা বেসিনটির ওপর বসে খেলছিলো। এ সময় নড়বড়ে দেয়ালটি ধসে পড়ে তিনজনই চাপা পড়ে যায়। ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয় এবং একজন আহত হয়। বিষয়টি ইউডি মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, নিহত দুই শিশুর পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কৃষি কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সবার দেশ/কেএম




























