Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০১, ১৯ আগস্ট ২০২৬

শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবি’র গবেষণা

হামে মৃত ৮২ শতাংশ শিশুই পায়নি পর্যাপ্ত বুকের দুধ

হামে মৃত ৮২ শতাংশ শিশুই পায়নি পর্যাপ্ত বুকের দুধ
ছবি: সংগৃহীত

হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুদের মধ্যে ৮২ শতাংশই জীবনের প্রথম ছয় মাস পর্যাপ্ত বা পূর্ণাঙ্গভাবে মায়ের বুকের দুধ পায়নি। একই সঙ্গে হামে আক্রান্ত শিশুদের বড় অংশ অপুষ্টিতে ভুগছিল। গবেষণায় দেখা গেছে, আক্রান্ত শিশুদের ৬৫ শতাংশের মধ্যেই অপুষ্টির সমস্যা ছিল। এর মধ্যে ১২ শতাংশ শিশু তীব্র এবং ৫৩ শতাংশ মাঝারি মাত্রার অপুষ্টিতে ভুগছিলো।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট (বাশিহাই) এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ—আইসিডিডিআর,বি’র যৌথ গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

বুধবার (১৮ আগষ্ট) সকালে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত শিশুদের হামবিষয়ক গবেষণার ফলাফল অবহিতকরণ সভায় গবেষণাটির বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

গবেষণার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম এবং আইসিডিডিআর,বি’র জ্যেষ্ঠ পরিচালক মুস্তাফিজুর রহমান।

৩৫৪ শিশুকে নিয়ে গবেষণা

গবেষণায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৫৪ শিশুকে অন্তর্ভুক্ত করা হয়। এতে দেখা যায়, আক্রান্ত শিশুদের মধ্যে ৪৩ শতাংশের বয়স ছিলো ৩ থেকে ৯ মাসের মধ্যে। এসব শিশুর ৩৮ শতাংশ জন্মের পর জীবনের প্রথম ছয় মাস পূর্ণাঙ্গভাবে মায়ের বুকের দুধ পায়নি।

তবে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুদের ক্ষেত্রে এ চিত্র আরও উদ্বেগজনক। গবেষণায় দেখা গেছে, মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশই জীবনের প্রথম ছয় মাস পূর্ণাঙ্গভাবে মায়ের বুকের দুধ পায়নি।

গবেষকদের পর্যবেক্ষণে উঠে এসেছে, শিশুদের পুষ্টিগত অবস্থা এবং রোগ প্রতিরোধক্ষমতার বিষয়টি হামের মতো সংক্রামক রোগে জটিলতা ও মৃত্যুঝুঁকির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বর্তমান গবেষণায় বুকের দুধ না পাওয়াকে সরাসরি মৃত্যুর কারণ হিসেবে নির্ধারণ করা হয়নি।

অপুষ্টিতে ভুগছিল ৬৫ শতাংশ শিশু

গবেষণায় অংশ নেয়া হামে আক্রান্ত শিশুদের ৬৫ শতাংশ অপুষ্টিতে ভুগছিলো। এর মধ্যে ১২ শতাংশ ছিল তীব্র অপুষ্টিতে এবং ৫৩ শতাংশ মাঝারি মাত্রার অপুষ্টিতে আক্রান্ত।

শিশুদের মধ্যে অপুষ্টির এ উচ্চ হার বিশেষভাবে উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, অপুষ্টিতে আক্রান্ত শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হয়ে পড়তে পারে, যা হামের মতো সংক্রামক রোগে জটিলতা বাড়িয়ে দিতে পারে।

টিকা নেয়ার পরও কেনো হাম?

বয়স এবং টিকা গ্রহণের তথ্যের ভিত্তিতে গবেষকেরা ৩৪১ শিশুকে চারটি দলে ভাগ করেন।

নিয়মিত হাম টিকা পাওয়ার বয়স হয়নি—এমন ৯ মাসের কম বয়সি ১৪৬ শিশুর মধ্যে ১৪২ জনের, অর্থাৎ ৯৭ দশমিক ৩ শতাংশের হাম শনাক্ত হয়।

অন্যদিকে, টিকা নেয়ার বয়স হলেও কোনো ডোজ না পাওয়া ১২৬ শিশুর মধ্যে ১২২ জনের বা প্রায় ৯৭ শতাংশের হাম শনাক্ত হয়েছে।

এক ডোজ টিকা নেয়া ৪৮ শিশুর মধ্যে ৪৪ জনের, অর্থাৎ প্রায় ৯২ শতাংশের হাম শনাক্ত হয়। আর দুই ডোজ টিকা নেয়া ২১ শিশুর মধ্যে ১৬ জনের, অর্থাৎ প্রায় ৭৬ শতাংশের হাম শনাক্ত হয়েছে।

তবে গবেষকেরা স্পষ্ট করেছেন, দুই ডোজ টিকা নেয়া শিশুদের মধ্যে ৭৬ শতাংশের হাম শনাক্ত হওয়ার তথ্যকে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে টিকার কার্যকারিতা বা হাম আক্রান্ত হওয়ার হার হিসেবে ব্যাখ্যা করার সুযোগ নেই।

কারণ, গবেষণাটিতে অংশ নেয়া সব শিশুই সন্দেহভাজন হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলো। ফলে দুই ডোজ টিকা নেয়া ২১ জন সন্দেহভাজন শিশুর মধ্যে ১৬ জনের হাম শনাক্ত হওয়ার এ হিসাব কেবল ওই হাসপাতালভিত্তিক গবেষণার অংশগ্রহণকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য।

আরও গবেষণার প্রয়োজন

দুই ডোজ টিকা নেয়ার পরও কিছু শিশুর শরীরে হাম শনাক্ত হওয়ার কারণ জানতে আরও গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন গবেষকেরা।

তাদের মতে, টিকা নেয়ার পর পর্যাপ্ত রোগ প্রতিরোধক্ষমতা তৈরি না হওয়া, সময়ের সঙ্গে অ্যান্টিবডির সুরক্ষা কমে যাওয়া, অপুষ্টি কিংবা ব্যক্তিভেদে অন্য কোনও শারীরিক কারণ ভূমিকা রাখতে পারে। তবে বর্তমান গবেষণায় এসব সম্ভাব্য কারণের কোনটি হাম সংক্রমণে কীভাবে ভূমিকা রেখেছে, তা নির্ধারণ করা হয়নি।

গবেষণার ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম আজিজুল হক সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, পরিচালক মো. নুরুল ইসলাম এবং আইইডিসিআরের পরিচালক কাজী আহমেদ জাকীসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

গবেষণার তথ্য শিশুদের পূর্ণাঙ্গ পুষ্টি নিশ্চিত করা, জীবনের প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব বাড়ানো এবং সময়মতো হামসহ সব নিয়মিত টিকা নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে নতুন করে সামনে এনেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পুলিশকে ‘ম্যানেজ’ করে মুক্ত হচ্ছেন নিষিদ্ধ আ.লীগ নেতারা!
হামে মৃত ৮২ শতাংশ শিশুই পায়নি পর্যাপ্ত বুকের দুধ
সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই
কোলকাতার হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু
জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ পুলিশ: বরিশালের ডিআইজি
দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই
আজ থেকে নতুন পথচলা দুদকের
চীনে নেয়ার কথা বলে ভারতের কারাগারে ৪ বছর জামালপুরের সিরাজুল
ড. ইউনূসকে নিয়ে হাসিনাকে আগেই সতর্ক করেছিলেন মনিরুল
১০ লাখ টাকা চাঁদার দাবিতে রিসোর্ট দখল, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত ’রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি
নোবিপ্রবিতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫
২৫০ অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করলো স্বাস্থ্য অধিদফতর
প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট
রাজধানীর যেসব রুটে চলবে ‘পিংক বাস’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসানো হয়েছে ৪৯০ এআই ক্যামেরা: স্বরাষ্ট্রমন্ত্রী
ইমরান খানকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের দাবি পিটিআইয়ের
নারীদের জন্য চালু পিংক বাস, চলবে তিন শহরে
দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী