Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৬, ২২ মার্চ ২০২৬

ঈদ আনন্দে দেশের সড়কজুড়ে মৃত্যুমিছিল

২৪ ঘণ্টায় ১৫ জেলায় ঝরলো ৩২ প্রাণ—আহত শতাধিক

২৪ ঘণ্টায় ১৫ জেলায় ঝরলো ৩২ প্রাণ—আহত শতাধিক
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদের আনন্দের মধ্যেই দেশের সড়কজুড়ে যেনো নেমে এসেছে এক মর্মান্তিক মৃত্যুমিছিল। ঈদের দিন সকাল ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত মাত্র ২৪ ঘণ্টায় দেশের অন্তত ১৫টি জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩২ জন। একই সময়ে আহত হয়েছেন শতাধিক মানুষ, যাদের অনেকের অবস্থাই গুরুতর। বিভিন্ন জেলা প্রতিনিধি ও সংশ্লিষ্ট সূত্রে পাওয়া তথ্য বিশ্লেষণে উঠে এসেছে ভয়াবহ এ চিত্র।

সবচেয়ে বড় ও মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে কুমিল্লা জেলায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাদুয়ার বাজার লেভেল ক্রসিং এলাকায় লেভেল ক্রসিং পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ হয়। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই বহু মানুষ নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে। নিহতদের মধ্যে পুরুষ, নারী ও শিশুও রয়েছে।

স্থানীয়রা জানান, বাসটি রেলগেট পার হওয়ার সময় ট্রেনটি এসে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেন। এতে বাসটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার সময় রেলগেট নামানো ছিলো না বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

ফেনী জেলায়ও ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ভোরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় বাস, অ্যাম্বুল্যান্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হন। হাইওয়ে পুলিশের তথ্যমতে, মহাসড়কের একটি লেনে সংস্কার কাজ চলছিলো। এ সময় একটি অ্যাম্বুল্যান্স ধীরগতিতে পার হচ্ছিলো। তখন পেছন থেকে আসা একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এ নিয়ে চালকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পেছনে যানজট সৃষ্টি হয়। ঠিক তখনই দ্রুতগতির আরেকটি বাস এসে দাঁড়িয়ে থাকা যানবাহনের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী, বাসের এক সুপারভাইজার ও এক যাত্রী নিহত হন। আহত হন আরও অনেকে।

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় আরেকটি হৃদয়বিদারক দুর্ঘটনায় নারীসহ চারজন নিহত হন। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি পিকআপ ভ্যান খাদে পড়ে যায়। পরে পানির ভেতর থেকে উদ্ধার করা হয় চারটি নিথর দেহ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে অথবা অন্য কোনও যানবাহনের ধাক্কায় পিকআপটি খাদে পড়ে যায়। নিহতরা সম্ভবত একই পরিবারের সদস্য ছিলেন।

ময়মনসিংহের তারাকান্দায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হন। আহত হন আরও দুইজন। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।

নাটোর জেলায় পৃথক দুটি দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। হরিশপুর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন। অপরদিকে শহরের একডালা এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে আরেকজনের মৃত্যু হয়।

চট্টগাম জেলার পটিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে উল্টে যায়। এতে একজন নিহত ও অন্তত ১৮ জন আহত হন। একই জেলায় মিরসরাইয়ে একটি ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হন।

ঝিনাইদহ জেলায় পৃথক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুজন নিহত হন। এক ক্ষেত্রে নসিমন গাড়ি থেকে পড়ে গিয়ে এবং অন্য ক্ষেত্রে মোটরসাইকেল সংঘর্ষে প্রাণহানি ঘটে।

নড়াইল জেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক তরুণ নিহত হন। একই ধরনের দুর্ঘটনায় প্রাণহানি ঘটে চুয়াডাঙ্গা, ফরিদপুর, নারায়নগঞ্জ, গোপালগঞ্জ ও মাদারিপুর জেলাতেও।

বান্দরবান জেলায় পাহাড়ি সড়কে পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত যানবাহন চলাচল, বেপরোয়া গতি, চালকদের অসতর্কতা, মহাসড়কে চলমান সংস্কার কাজ, এবং ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা—এসব কারণ মিলেই এ ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

প্রতি বছরই ঈদের সময় সড়ক দুর্ঘটনা বেড়ে যায়, তবে এবারের ২৪ ঘণ্টার এ পরিসংখ্যান পরিস্থিতির ভয়াবহতাকে নতুন করে সামনে নিয়ে এসেছে। বিশেষজ্ঞদের মতে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে কঠোর আইন প্রয়োগ, চালকদের প্রশিক্ষণ, যানবাহনের ফিটনেস নিশ্চিতকরণ এবং মহাসড়ক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি। নয়তো প্রতি উৎসবেই আনন্দের পরিবর্তে এভাবেই সড়কে ঝরতে থাকবে নিরীহ মানুষের প্রাণ—এমন আশঙ্কাই করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২৪ ঘণ্টায় ১৫ জেলায় ঝরলো ৩২ প্রাণ—আহত শতাধিক
দক্ষিণ কোরিয়ার কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ১৪
সুদানের হাসপাতালে ভয়াবহ হামলায় নিহত ৬৪
বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ২০
ইসরায়েলে বড় হামলা ইরানের, নিহত ২০০’র বেশি
সশস্ত্র ড্রোন ভূপাতিত করলো ইরান, বাড়ছে আকাশযুদ্ধের উত্তাপ
কুমিল্লায় দুর্ঘটনায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে দায়িত্ব অবহেলায় দুই গেটম্যান বরখাস্ত
ফেনীতে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
হরমুজ খুলতে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
গ্যাস সংকটে থমকে ভারত, কাজ ফেলে গ্রামে ফিরছেন পোশাকশ্রমিকরা
প্রতিরক্ষা ভেদ করে ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮০
কুমিল্লায় মর্মান্তিক ট্রেন-বাস সংঘর্ষ, নিহত ১২
রাশিয়াজুড়ে ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধস, আহত ২০
ঈদের ঢাকায় বাস সংকট, রিকশা-সিএনজির চড়া ভাড়ায় বিপাকে যাত্রী