Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৪, ২৬ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিক শিক্ষক নিয়োগ 

ভেরিফিকেশনের নামে তরুণের স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে: নাহিদ ইসলাম

ভেরিফিকেশনের নামে তরুণের স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের নামে অন্তত এক হাজার মেধাবী তরুণকে নিয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। নাহিদ ইসলামের দাবি, লিখিত ও নিয়োগের অন্যান্য ধাপে মেধার প্রমাণ দেয়ার পরও এসব প্রার্থীকে প্রায় আট মাস ভেরিফিকেশনের নামে অনিশ্চয়তা ও হয়রানির মধ্যে রাখা হয়েছে। শেষ পর্যন্ত তাদের নিয়োগপত্র না দেয়ায় তারা গভীর হতাশায় পড়েছেন।

নাহিদ ইসলাম বলেন, শিক্ষিত বেকারদের শেষ আশ্রয়স্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগেও ‘চূড়ান্ত প্রহসনের’ নজির স্থাপন করেছে তারেক রহমানের সরকার।

তার অভিযোগ, গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের নামে নিয়োগপ্রাপ্ত অন্তত এক হাজার মেধাবী তরুণের স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে। দীর্ঘ সময় ধরে ভেরিফিকেশনের নামে অনিশ্চয়তা ও হয়রানির পর তাদের নিয়োগপত্র দেয়া হয়নি বলেও দাবি করেন তিনি।

নাহিদ ইসলামের ভাষ্য, বাদ পড়া প্রার্থীদের অধিকাংশের বিরুদ্ধে থানায় কোনো ফৌজদারি মামলা বা সাধারণ ডায়েরির তথ্য নেই। অতীতের কোনও অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার তথ্যও তাদের বিরুদ্ধে পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

তার প্রশ্ন, মেধা, যোগ্যতা ও নিয়োগ পরীক্ষার সব ধাপ সফলভাবে সম্পন্ন করার পর কোনও নাগরিককে অস্বচ্ছ ভেরিফিকেশনের ভিত্তিতে চাকরি থেকে বঞ্চিত করা হলে তা শুধু সংশ্লিষ্ট তরুণদের প্রতি অবিচার নয়, রাষ্ট্রের নিয়োগব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নের মুখে ফেলে।

তিনি বলেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট ও আইনসম্মত অভিযোগ না থাকলে তাকে নিয়োগ থেকে বাদ দেয়া উচিত নয়। একই সঙ্গে বাদ দেয়ার প্রক্রিয়া এবং ভেরিফিকেশনের মানদণ্ড জনসমক্ষে স্পষ্ট করার দাবি জানান তিনি।

প্রাথমিকের নিয়োগপ্রক্রিয়া

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির জন্য গত ২৩ সেপ্টেম্বর প্রশাসনিক অনুমোদন দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরপর সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের তথ্য অনুযায়ী, এ নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৬৯ হাজার ২৬৫ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। পরে চূড়ান্ত ফল প্রকাশের পর ১৪ হাজার ৩৮৪ জনকে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।

তবে নিয়োগপত্র দেয়ার আগে প্রার্থীদের বিভিন্ন তথ্য যাচাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে পুলিশ ভেরিফিকেশন ও গোয়েন্দা প্রতিবেদনসহ বয়স, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, স্বাস্থ্যগত উপযুক্ততা ও অন্যান্য বিষয় যাচাইয়ের নির্দেশ রয়েছে।

এরই মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও অনেক প্রার্থী নিয়োগপত্র না পাওয়ার অভিযোগ তুলেছেন। বিভিন্ন জেলার প্রার্থীদের এমন অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও আলোচনা ও ক্ষোভ দেখা গেছে।

নাহিদ ইসলামের দাবি, ভেরিফিকেশনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুনির্দিষ্ট মানদণ্ড থাকতে হবে। কোনো প্রার্থীকে বাদ দেয়া হলে তার পেছনে স্পষ্ট ও আইনসম্মত কারণ থাকতে হবে।

তিনি বলেন, যেসব প্রার্থীর বিরুদ্ধে কোনও সুনির্দিষ্ট ও আইনসম্মত অভিযোগ নেই, তাদের নিয়োগ অবিলম্বে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যাদের নিয়োগ দেয়া হয়নি, তাদের বাদ দেয়ার কারণ এবং ভেরিফিকেশনের মানদণ্ড জনসমক্ষে প্রকাশের দাবি জানান তিনি।

নাহিদ ইসলামের এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বদলির পরও চার্জশিট, মোহাম্মদপুরে এসআইয়ের বিরুদ্ধে তদন্ত
ফ্লাইটের আগে মদ্যপ অবস্থায় এয়ার ইন্ডিয়ার পাইলট আটক
নেতানিয়াহুর ভাষণ বর্জন করা দেশের তালিকা প্রকাশ ইসরায়েলের
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশন নিয়ে জামায়াতের প্রশ্ন
আপা আপা করিস না, আপা আর আসবে না-স্লোগান হবিগঞ্জ বিএনপির
ভেরিফিকেশনের নামে তরুণের স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে: নাহিদ ইসলাম
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণাঙ্গ ভাষণ
বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
ফিফা সংস্কারের দাবি ইউরোপের শীর্ষ চার লিগের
ককটেল সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার
রাতে বাইরে, ভোরে কারাগারে-এটা দেখাই আমার জন্য কাল হয়েছে: তানভীর
দুর্গাপূজায় টানা ৭ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
৪৮ ঘণ্টার মধ্যে সিইসির পদত্যাগ দাবি, ভারতজুড়ে আন্দোলনের হুমকি
৩ মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ত্রিশ হাজার কোটি টাকা
লঞ্চ ভাড়া বাড়লো ৮ শতাংশ, বৃহস্পতিবার থেকেই কার্যকর
নেতানিয়াহুর বক্তব্যে জাতিসংঘে ব্যাপক ওয়াকআউট