Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৭, ২১ এপ্রিল ২০২৬

সরাসরি ভোটের পক্ষে দৃঢ় অবস্থান

সংরক্ষিত নারী আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা

সংরক্ষিত নারী আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন আলোচিত এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারা। তিনি জানিয়েছেন, কৃতজ্ঞতা সত্ত্বেও নীতিগত কারণে এ প্রস্তাব গ্রহণ করেননি।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। তবে কোন রাজনৈতিক দল থেকে তাকে প্রস্তাব দেয়া হয়েছিলো, সে বিষয়ে কিছু উল্লেখ করেননি।

পোস্টে তাসনিম জারা লেখেন, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণার পর অনেকেই তার সংসদে না যাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন। এ জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

তিনি বলেন, সংরক্ষিত আসনে যাওয়ার জন্য তাকে প্রস্তাব দেয়া হয়েছিলো, কিন্তু তিনি তা ফিরিয়ে দিয়েছেন। তার ভাষায়, সংসদে গিয়ে মানুষের পক্ষে কথা বলার সুযোগ হাতছাড়া করা সহজ ছিলো না, তবে নীতিগত অবস্থানের সঙ্গে আপস করা সম্ভব হয়নি।

তাসনিম জারা জানান, ঐকমত্য কমিশনে তিনি সংরক্ষিত নারী আসন সরাসরি জনগণের ভোটে পূরণের পক্ষে মত দিয়েছেন। এ বিষয়ে তিনি প্রচার চালিয়েছেন এবং জনসমর্থনও সংগ্রহ করেছেন। তাই এমপি হওয়ার প্রস্তাব পাওয়ার পর অবস্থান পরিবর্তন করা তার পক্ষে সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, যারা সংরক্ষিত আসনে সংসদে যাচ্ছেন, তাদের ব্যক্তিগতভাবে তিনি সম্মান করেন এবং অনেককেই যোগ্য বলে মনে করেন। তবে তার আপত্তি পুরো ব্যবস্থাকে ঘিরে।

তার মতে, সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহি থাকেন এবং প্রয়োজনে দলীয় অবস্থানের বিরুদ্ধেও কথা বলতে পারেন। কিন্তু দলীয় মনোনয়নে নির্বাচিত সংরক্ষিত আসনের সদস্যদের সে ধরনের জবাবদিহির কাঠামো থাকে না। এটি ব্যক্তির সততার প্রশ্ন নয়, বরং কাঠামোগত দুর্বলতা।

তিনি বলেন, দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারী হলেও তাদের প্রতিনিধিত্ব আরও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আসা উচিত। সংরক্ষিত আসন থাকলে সেটিও সরাসরি ভোটে নির্ধারিত হওয়া প্রয়োজন।

পোস্টের শেষাংশে তাসনিম জারা তার নির্বাচনী অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি জানান, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাত্র ১৯ দিনের প্রচারণায়, কোনও পোস্টার বা মিছিল ছাড়াই, নির্বাচনী ব্যয়ের সীমা মেনে ৪৪ হাজারের বেশি ভোট পেয়েছিলেন। নির্বাচনের দিন অনিয়মের অভিযোগ থাকলেও তা নথিভুক্ত করে ফলাফল মেনে নিয়েছেন।

তিনি বলেন, ভবিষ্যতে সংসদে গেলে জনগণের ভোটেই যাবেন। আর সংসদের বাইরে থেকেও সমাজের জন্য কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সংরক্ষিত নারী আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা
জামিন পেলেন শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগের শিল্পী
এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৫৪০৮ শিক্ষার্থী, বহিষ্কার ৬
রামেকে চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা
নওগাঁয় রাতে ঢুকে একই পরিবারের ৪ জনকে হত্যা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী দলবাজদের দাপট
কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ২১
পরীক্ষার আগের রাতেও প্রবেশপত্র সংকট, মহাসড়ক অবরোধে শিক্ষার্থীদের
একই দিনে জন্ম, একই পরীক্ষায় তিন বোন
তৃতীয় মাত্রার জিল্লুরের স্ত্রী ফাহমিদা পেলেন বিএনপির মনোনয়ন
জ্বালানি সংকট নিয়ে সংসদে বিরোধীদলীয় নেতা-স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্ক
প্যারিসে জাসাস ফ্রান্স শাখার জমকালো অভিষেক
‘দেশ এখন মবের শহর’—সংসদে রুমিন ফারহানা
সময় ফুরোলেই সংঘাত? যুদ্ধবিরতি বাড়ছে না, কঠোর বার্তা ট্রাম্পের
আওয়ামী লীগ নেত্রীর মেয়ে হচ্ছেন বিএনপির এমপি
সংরক্ষিত নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫