৮২ টাকা বৃদ্ধির প্রস্তাব মুলতুবি
জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জেট ফুয়েলের দাম একলাফে বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিলো। তবে বুধবার (১৮ মার্চ) জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে।
বিইআরসির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে ১৯৪ টাকা ১৮ পয়সা পর্যন্ত বাড়ানো হয়েছিলো। অর্থাৎ প্রতি লিটার ৮১ টাকা ৭৭ পয়সা বেড়ে যাওয়ার কথা ছিলো। একই সঙ্গে আন্তর্জাতিক রুটের জন্য জ্বালানির দামও প্রতি লিটার ০.৭৩৮৪ ডলার থেকে ১.২৬৮৯ ডলারে বৃদ্ধি করার প্রস্তাব ছিলো।
বিইআরসির সদস্য মিজানুর রহমান জানিয়েছেন, জেট ফুয়েলের এ মূল্যবৃদ্ধি এখনই কার্যকর হচ্ছে না। কমিশনের আরেকটি সভা আগামী ২৫ মার্চ অনুষ্ঠিত হবে এবং সে সভার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
সংস্থার সহকারী পরিচালক (ট্যারিফ-২) রাজু আহমেদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, সমন্বয়কৃত এ নতুন মূল্য আপাতত কার্যকর হচ্ছে না।
জ্বালানি বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা স্থায়ী হলে জেট ফুয়েলের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি বিমান ভাড়ার ওপর পড়বে। বিশেষ করে অভ্যন্তরীণ রুট এবং মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের টিকিটের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে, যা সাধারণ যাত্রী এবং প্রবাসীদের জন্য অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে।
সবার দেশ/কেএম




























