বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১১টা ২৫ মিনিট উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. আব্দুল মালেক (শিপু) (১৮)। তিনি উপজেলার বিজয়পুর গ্রামের বাসিন্দা। তার বাবা মো. মমিনুল ইসলাম এবং মা মোছা. মল্লিকা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, পল্টু চৌধুরী মিল এলাকার কাছে মাদক সেবনের সময় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হলে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে দোষী সাব্যস্ত করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন তাৎক্ষণিকভাবে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন।
অভিযান চলাকালে বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ চন্দ্র বর্মন উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সবার দেশ/কেএম




























