Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩২, ৪ জুলাই ২০২৬

অর্থনৈতিক করিডর নিয়েও নজর: রণধীর জয়সোয়াল

তারেক রহমানের চীন সফর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত

তারেক রহমানের চীন সফর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর এবং ওই সফরে হওয়া বিভিন্ন কৌশলগত আলোচনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। বিশেষ করে চীন–বাংলাদেশ–মিয়ানমার অর্থনৈতিক করিডর (ইকোনমিক করিডর) গঠনের প্রস্তাব এবং প্রতিরক্ষা সহযোগিতার সম্ভাব্য অগ্রগতির ওপরও নয়াদিল্লি নজর রাখছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

শুক্রবার (৩ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে উত্থাপিত চীন–বাংলাদেশ–মিয়ানমার অর্থনৈতিক করিডর গঠনের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সোয়াল বলেন, প্রতিবেশী দেশগুলোতে যেকোনোও গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অগ্রগতির ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখে। প্রয়োজন অনুযায়ী যথাসময়ে উপযুক্ত পদক্ষেপও নেয়া হয়।

এ সময় এক সাংবাদিক জানতে চান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে বাংলাদেশ প্রথমবারের মতো চীনের কাছ থেকে যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে বলে যে আলোচনা চলছে, সে বিষয়ে ভারতের অবস্থান কী।

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ ধরনের প্রতিটি বিষয়ই ভারত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত ও পদক্ষেপ নেয়া হবে। তবে এ ধরনের উদ্যোগ ভারতের নিরাপত্তার জন্য কোনও ঝুঁকি তৈরি করবে কি না, সে বিষয়ে তিনি সরাসরি কোনও মন্তব্য করেননি।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে তিস্তা নদী প্রকল্প ও মোংলা বন্দর উন্নয়ন নিয়ে বাংলাদেশ-চীন আলোচনার বিষয়েও ভারতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়।

এ প্রসঙ্গে রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভারতের সহযোগিতা দুই দেশের পারস্পরিক আলোচনার ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং এ সংক্রান্ত রোডম্যাপ নিয়মিত পর্যালোচনা করা হয়। তিস্তা প্রকল্পের বিষয়ে ভারতের অবস্থান আগেই বাংলাদেশকে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে এ বিষয়ে ভবিষ্যতের যেকোনও অগ্রগতি সার্বিকভাবে মূল্যায়ন করা হবে বলে জানান।

উল্লেখ্য, গত মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন যান। সফরকালে দুই দেশের মধ্যে অবকাঠামো, বাণিজ্য, যোগাযোগ, বিনিয়োগ এবং কৌশলগত সহযোগিতা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

সফরে চীনের রাষ্ট্রপতি সি চিন পিং বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে সংযুক্ত করে একটি অর্থনৈতিক করিডর গড়ে তোলার প্রস্তাব দেন। পরে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, চীনের প্রস্তাবিত করিডর নিয়ে বাংলাদেশ বর্তমানে বিভিন্ন দিক পরীক্ষা-নিরীক্ষা করছে। তবে এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক অবস্থান গ্রহণ করা হয়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জুলাই-আগস্টে বড় বন্যার শঙ্কা
তাপপ্রবাহে ফ্রান্সে বিপর্যয়, দাবানলে পুড়ছে বন
নভোএয়ারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ ঢাকায়
তারেক রহমানের চীন সফর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত
কোলকাতায় বাংলাদেশি নারী ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেফতার
বকেয়া সুবিধাসহ ১ কোটি টাকার প্রণোদনা পাচ্ছেন আযমী
সলিমুল্লাহ খানকে ঘিরে বিতর্ক: সমালোচনা, প্রতিহিংসা নাকি পারশ্রীকাতরতা?
বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে চীন: জানালেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
রাখাইনে তীব্র বিমান হামলা, টেকনাফ সীমান্তে আতঙ্ক
সহকারী শিক্ষিকার বদলির দাবিতে বাগাতিপাড়ায় মানববন্ধন
নিরাপত্তা শঙ্কায় বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি
এমপি মনির বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: ছাত্রদল সভাপতি