Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৮, ২২ মে ২০২৬

আপডেট: ০০:১২, ২২ মে ২০২৬

শোকাহত পরিবারকে দিলেন বিচার ও সহায়তার আশ্বাস

রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী 

রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী 
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসা আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিহত শিশুর শোকার্ত পরিবারকে সান্ত্বনা দেয়ার পাশাপাশি রামিসার বড় বোনের ভবিষ্যতের সম্পূর্ণ দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে মিরপুর-১১ নম্বরে রামিসাদের বাসভবনে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সরেজমিনে নিহত শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ধৈর্য ধারণের আহ্বান জানান। একইসঙ্গে এ নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, রামিসার বড় বোনের লেখাপড়া ও ভবিষ্যতের সার্বিক দায়িত্ব সরকার বহন করবে। তার এ ঘোষণায় উপস্থিত স্বজনদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রামিসাদের বাসভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয় পুরো এলাকায়।

এদিকে, শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দা অব্যাহত রয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সাধারণ মানুষ। আন্দোলনকারীদের দাবি, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিক তদন্তে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে আটক করা হয়।

আটকের পর সোহেল রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেফতার করা হয়েছে।

শিশু রামিসা হত্যার এ মর্মান্তিক ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি ও নিহত পরিবারের দায়িত্ব গ্রহণের ঘোষণাকে সাধারণ মানুষ মানবিক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে কি না জানা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, নতুন অস্ত্র ব্যবহারের হুমকি
শিশু ধর্ষণ ইস্যুতে রণক্ষেত্র চট্টগ্রাম, পুলিশের গাড়িতে আগুন
আ. লীগের হামলায় গুরুতর আহত জামায়াত নেতা, এমপির বিক্ষোভ
সরকারের ভেতরে ‘এস আলম–সালমান’ হওয়ার প্রতিযোগিতা চলছে: নাহিদ ইসলাম
শিশুর ধর্ষককে ছিনিয়ে নেয়ার চেষ্টা, পুলিশের গুলিতে আহত ২ সাংবাদিক
পল্লবীতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে উত্তেজনা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান
রামিসাসহ সব ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে এনসিপির মশাল মিছিল
বাংলাদেশি পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত
‘জাস্টিস ফর রামিসা’ স্লোগানে উত্তাল মিরপুর
রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী, দ্রুত তদন্তের আশ্বাস
‘সাঁকো বর্ষসেরা পুরস্কার-২০২৫’ পেলেন কবি মনিরুজ্জামান
মাছের গাড়িতে চাঁদাবাজিতে অভিযুক্ত ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
হাইকোর্টের রায় বাতিল চেয়ে সরকারের আপিল, শুনানি ৯ জুন
রামিসার পল্লবীর বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী