রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের পর এবার কাফরুলে একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক পরিবহণের একটি বাসে আগুন দেয়া হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করে।
ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা শাজাহান ইসলাম জানান, কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক পরিবহণের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা জানা যায়নি।
এর আগে শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর কয়েকটি এলাকায় ধারাবাহিকভাবে অন্তত আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জুমার নামাজের পর মালিবাগ রেলগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের পর সন্ধ্যায় যাত্রাবাড়ী, মহাখালী ও আগারগাঁও এলাকায় আরও কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
যাত্রাবাড়ীতে সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৃথক স্থানে চারটি ককটেল বিস্ফোরণ হয়। এতে ব্যাটারিচালিত একটি অটোরিকশার চালক আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে প্রথম ককটেল বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পর যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সের সামনে আরও তিনটি ককটেল বিস্ফোরণ হয়। পরপর বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পথচারীদের নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়াদৌড়ি করতে দেখা যায়।
যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু জানান, যাত্রাবাড়ীর পৃথক স্থানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন অটোরিকশাচালক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কারা বা কোন স্থান থেকে ককটেলগুলো নিক্ষেপ করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর ডিএমপির ওয়ারী বিভাগের ডেমরা জোনের উপ-পুলিশ কমিশনার মীর মহশীন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত অটোরিকশাচালকেরও খোঁজখবর নেন। পরে যাত্রাবাড়ী মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে সন্ধ্যার দিকে মহাখালী ও আগারগাঁওয়েও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কে আরও একটি ককটেল বিস্ফোরিত হয়। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এর আগে জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন সড়কে সোহাগ পরিবহণের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। সেখানেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহিদ বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
একই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণের পর রাতে বাসে আগুন দেয়ার ঘটনায় নগরজুড়ে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এসব ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে পরিষ্কার হবে।
সবার দেশ/কেএম




























