Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩০, ১৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৩১, ১৯ জানুয়ারি ২০২৬

শতভাগ নিরপেক্ষ নির্বাচন হবে: সেনাপ্রধান

শতভাগ নিরপেক্ষ নির্বাচন হবে: সেনাপ্রধান
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর সব কর্মকর্তা ও সৈনিককে পেশাদারত্ব বজায় রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি স্পষ্টভাবে বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এই নির্বাচনে কোনও দলের পক্ষ নেয়ার সুযোগ নেই।

রোববার (১৮ জানুয়ারি) ঢাকা সেনানিবাসে সেনাপ্রাঙ্গণে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে সেনাসদস্যদের সঙ্গে দরবার এবং কর্মকর্তাদের সঙ্গে অফিসার্স অ্যাড্রেসে এসব নির্দেশনা দেন সেনাপ্রধান। এ সময় ঢাকার বাইরে অবস্থানরত সেনা কর্মকর্তারাও অনলাইনে সভায় যুক্ত হন।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনী প্রধান বর্তমান সামগ্রিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালনের বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা দেন। তিনি বলেন, নির্বাচনের সময় কোনো স্বজনপ্রীতি বা পক্ষপাত চলবে না। ভোটের মাঠে সেনাবাহিনীকে পেশাদারত্বের সর্বোচ্চ মান বজায় রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।

সেনাপ্রধান বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায়ে নিতে হবে, যাতে সব শ্রেণি-পেশার মানুষ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা গেলে ভোটাররা নিশ্চিন্তে ভোট দিয়ে ঘরে ফিরতে পারবেন। এ দায়িত্ব সফলভাবে পালনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দেশের চলমান সংকটময় সময়ে সেনাবাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা দেশ ও জাতি চিরদিন স্মরণ রাখবে। নির্বাচনের পর গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় সেনাপ্রধান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন ধরনের অপপ্রচার, গুজব এবং উসকানিমূলক বক্তব্য নিয়েও কথা বলেন। তিনি কর্মকর্তা ও সৈনিকদের ধৈর্য ধরে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং যেকোনও উসকানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখাতে সতর্ক করেন।

এ ছাড়া নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে জেলা ও উপজেলা পর্যায়ে শীর্ষ সন্ত্রাসীদের চিহ্নিত করার নির্দেশ দেন সেনাপ্রধান। তিনি বলেন, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এসব অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে, যাতে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ থাকে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল