Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:১০, ২৬ আগস্ট ২০২৬

আপডেট: ২০:১২, ২৬ আগস্ট ২০২৬

পাঁচ ঘণ্টাতেই পাঁচ সিনেমাকে পেছনে ফেললো ‘টক্সিক’

পাঁচ ঘণ্টাতেই পাঁচ সিনেমাকে পেছনে ফেললো ‘টক্সিক’
ছবি: সংগৃহীত

দীর্ঘ চার বছরের অপেক্ষার পর বড় পর্দায় ফিরেছেন দক্ষিণী সুপারস্টার যশ। আর প্রত্যাবর্তনের প্রথম দিনেই বক্স অফিসে নিজের শক্ত অবস্থানের জানান দিয়েছেন তিনি। গীতু মোহনদাস পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক’ মুক্তির মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই চলতি বছরের পাঁচটি সিনেমার পুরো প্রথম দিনের আয়কে ছাড়িয়ে গেছে।

বুধবার (২৬ আগস্ট) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ‘টক্সিক’। প্রায় ৫০০ কোটি রুপি বাজেটের এ সিনেমাকে ঘিরে মুক্তির আগে থেকেই দর্শকদের মধ্যে ছিলো ব্যাপক কৌতূহল। সিনেমাটি নিয়ে নানা আলোচনা-সমালোচনা থাকলেও প্রেক্ষাগৃহে দর্শকদের আগ্রহে তার কোনও বড় প্রভাব পড়েনি।

মুক্তির প্রথম শো শুরু হয় সকাল ৬টায়। ভারতীয় বক্স অফিসে সিনেমাটির শুরুটাও ছিল বেশ জোরালো। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত ‘টক্সিক’ ভারতীয় বাজারে প্রায় ২৭ কোটি ৪৫ লাখ রুপি আয় করে।

এর মধ্যে সবচেয়ে বড় অবদান রেখেছে সিনেমাটির হিন্দি সংস্করণ। প্রথম পাঁচ ঘণ্টায় হিন্দি সংস্করণ থেকে এসেছে প্রায় ১১ কোটি ৯২ লাখ রুপি। এরপর মূল কন্নড় সংস্করণ থেকে আয় হয়েছে ৯ কোটি ১২ লাখ রুপি।

এ ছাড়া তেলেগু সংস্করণে ৪ কোটি ৬৪ লাখ রুপি, তামিল সংস্করণে ১ কোটি ৩০ লাখ রুপি এবং মালয়ালম সংস্করণে ৪৭ লাখ রুপি আয় হয়েছে।

মাত্র পাঁচ ঘণ্টার এই আয়েই চলতি বছরের বেশ কয়েকটি আলোচিত সিনেমার প্রথম দিনের পূর্ণাঙ্গ সংগ্রহকে ছাড়িয়ে যায় ‘টক্সিক’। আলিয়া ভাট অভিনীত ‘আলফা’ মুক্তির প্রথম দিনে আয় করেছিল ৯ কোটি ২৫ লাখ রুপি। ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’-এর প্রথম দিনের সংগ্রহ ছিলো ২২ কোটি রুপি।

অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ প্রথম দিনে ১৫ কোটি ২৫ লাখ রুপি, অজয় দেবগনের ‘ধামাল ৪’ ১৪ কোটি রুপি এবং শাহিদ কাপুরের ‘ককটেল ২’ ১৬ কোটি ২০ লাখ রুপি আয় করেছিলো। অর্থাৎ, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই এসব সিনেমার প্রথম দিনের আয়কে পেছনে ফেলে এগিয়ে যায় যশের ‘টক্সিক’।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সিনেমাটির বক্স অফিস গতি আরও বাড়তে থাকে। বিকেল ৪টার মধ্যে ভারতজুড়ে ‘টক্সিক’-এর নেট আয় দাঁড়ায় প্রায় ৭৯ কোটি ১২ লাখ রুপি। একই সময়ে সিনেমাটির গ্রস সংগ্রহ ছিল ৯৩ কোটি ৩৬ লাখ রুপি।

প্রথম দিনের ব্যবসায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে হিন্দি সংস্করণ। বিকেল নাগাদ এ সংস্করণের নেট আয় প্রায় ৪৫ কোটি রুপিতে পৌঁছে যায়। পাশাপাশি যশের নিজস্ব ভাষা কন্নড় সংস্করণও ধরে রেখেছে শক্ত অবস্থান। সন্ধ্যা ৬টার মধ্যেই কন্নড় সংস্করণের আয় ১৯ কোটি রুপি ছাড়িয়ে যায়।

কন্নড় ভাষার সকালের শোগুলোতেও ছিলো দর্শকদের ব্যাপক উপস্থিতি। বিভিন্ন প্রতিবেদনে ওই সময়ের শোগুলোতে প্রায় ৮৫ শতাংশ দর্শক উপস্থিতির কথা বলা হয়েছে। ফলে দিনের দ্বিতীয়ার্ধে সিনেমাটির আয় আরও বাড়ার প্রত্যাশা তৈরি হয়।

তেলেগু ডাব সংস্করণও ভালো সাড়া পেয়েছে। তবে তামিল ও মালয়ালম সংস্করণের আয় তুলনামূলকভাবে কম। তারপরও সব ভাষা মিলিয়ে ‘টক্সিক’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বড়সড় দাপট দেখিয়েছে।

চার বছর পর যশের পর্দায় ফেরার এ ছবি ঘিরে দর্শকদের আগ্রহ যে কতটা তীব্র, প্রথম দিনের আয়ই তার বড় প্রমাণ। এখন কৌতূহল একটাই—দিনের শেষ হিসাব মেলানোর পর ‘টক্সিক’ ভারতীয় বক্স অফিসে কোথায় গিয়ে থামে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সামিটে ভিড়েছে এলএনজি জাহাজ, গ্যাস সংকটে স্বস্তি
নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি, প্রধানমন্ত্রীর শোক
জোট ছাড়ার প্রশ্নে এনসিপিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা রোববার
দুমকীতে যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, ঝাড়ু মিছিল
‘মক্কা প্রতিরক্ষা চুক্তিতে’ যোগদানের বিষয়টি সরকারের বিবেচনায়: শামা ওবায়েদ
চল্লিশের পরও তারুণ্য ধরে রাখার সহজ ৮ উপায়
ভয়াবহ বন্যায় তছনছ নেপাল, নিহত দেড় শতাধিক
রংপুরে ৪ খুন: জমি সংক্রান্ত বিরোধও আসছে সামনে
পাঁচ ঘণ্টাতেই পাঁচ সিনেমাকে পেছনে ফেললো ‘টক্সিক’
নেপালে আকস্মিক বন্যা, ৫৫ জনের মৃত্যু
ভুটানের রাজাকে স্বাগত জানালেন রাষ্ট্রপতি
পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
বৃটেনে কারাদণ্ড প্রাপ্ত রেজাউল বহাল তবিয়তে বাংলাদেশে
বৃটেনে প্রতারণার দায়ে বাংলাদেশিসহ ৫ জনের জেল
ভুল তথ্যের জন্য দুঃখ প্রকাশ সিপিডির