রমজানে সাধারণ মানুষের স্বস্তি
৬৫০ টাকায় গরুর মাংস ও ৮ টাকায় ডিম দেবে সরকার
পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের আমিষের চাহিদা মেটাতে এবং বাজারদর নিয়ন্ত্রণে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সুলভ মূল্যে গরুর মাংস, ব্রয়লার মুরগি, দুধ ও ডিম বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। আসন্ন রোজার মাসে সাধারণ ভোক্তারা সরকার নির্ধারিত সাশ্রয়ী মূল্যে এসব পণ্য সংগ্রহ করতে পারবেন।
গত রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, রমজানের আগের দিন থেকে শুরু করে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন এ ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম চলবে।
নির্ধারিত মূল্য তালিকা:
- গরুর মাংস: প্রতি কেজি ৬৫০ টাকা।
- ব্রয়লার মুরগি (ড্রেসড): প্রতি কেজি ২৪৫ টাকা।
- ডিম: প্রতিটি ৮ টাকা।
- পাস্তুরিত দুধ: প্রতি লিটার ৮০ টাকা।
প্রাথমিকভাবে ঢাকা মহানগরীর ২৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। এলাকাগুলো হলো:
সচিবালয় সংলগ্ন আবদুল গনি রোড, খামারবাড়ি (ফার্মগেট), মিরপুর ষাট ফুট রোড, আজিমপুর মাতৃসদন এলাকা, নয়াবাজার, উত্তরা হাউস বিল্ডিং, রামপুরা বাজার, হাজারীবাগ, আরামবাগ, কালশী ও মানিকনগর। এছাড়া শাহজাদপুর, কড়াইল বস্তি, কামরাঙ্গীরচর, খিলগাঁও, নাখালপাড়া, সেগুনবাগিচা, মোহাম্মদপুর, কাকরাইল, বনশ্রী, মিরপুর-১০, কল্যাণপুর, তেজগাঁও ও বঙ্গবাজার এলাকায় এই সুবিধা পাওয়া যাবে।
পর্যায়ক্রমে স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে সমন্বয় করে স্থায়ী বিক্রয়কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের।
রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরগুলোতেও এ কার্যক্রম ছড়িয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বিভাগীয় পরিচালক ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিজ নিজ এলাকার বাজার পরিস্থিতি অনুযায়ী সুলভ মূল্যে এসব পণ্য বিক্রির ব্যবস্থা গ্রহণ করবেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রমজানে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট রুখতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে এ উদ্যোগ বড় ভূমিকা রাখবে। এর ফলে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষজন সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাদ্য সংগ্রহের সুযোগ পাবেন।
সবার দেশ/কেএম




























