কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ
সেনাবাহিনীর ভূমিকা এখন পর্যন্ত প্রশংসনীয়: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চলমান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের মাঠে সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার পরিচয় দিয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান বলেন, ভোটগ্রহণের শেষ মুহূর্ত পর্যন্ত সেনাবাহিনী যদি একইভাবে দৃঢ় ও নিরপেক্ষ অবস্থান বজায় রাখে, তাহলে দেশ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার পাবে।
তিনি বলেন, দীর্ঘ দেড় যুগ ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকারসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলো। এ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের হারানো অধিকার পুনরুদ্ধার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনী পরিস্থিতি তুলে ধরে জামায়াত আমির জানান, ঢাকা-১৫ আসনে সামগ্রিকভাবে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে। তবে মিরপুর মনিপুর উচ্চ বিদ্যালয় বালিকা শাখা কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, সেখানে প্রতিদ্বন্দ্বী পক্ষের কিছু লোক সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখিয়েছে এবং কয়েকজনকে শারীরিকভাবে নাজেহাল করা হয়েছে।
এছাড়া দেশের বিভিন্ন এলাকায় বিএনপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তোলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, কিছু স্থানে প্রার্থীর গায়ে হাত দেয়ার মতো ঘটনাও ঘটেছে। তবে সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানান তিনি।
তিনি লাকসাম ও ভোলার লালমোহন এলাকার উদাহরণ দিয়ে দাবি করেন, সেখানে বিএনপির দলীয় লোকজন নির্বাচনী প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপ করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জালিয়াতি বা অনিয়মের মাধ্যমে সরকার গঠিত হলে সে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে এবং জনগণের সঙ্গে তার আত্মিক সম্পর্ক থাকবে না।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, বিশেষ করে ঢাকার বাইরে যেখানে অনিয়মের খবর পাওয়া যাচ্ছে, সেখানে দ্রুত সেনাবাহিনী মোতায়েন করা প্রয়োজন।
ব্রিফিংয়ের শেষাংশে তিনি নিজের আসনসহ সারাদেশে জামায়াতের নেতাকর্মীদের ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভোটকেন্দ্রে অবস্থান করার নির্দেশ দেন। তিনি বলেন, সাধারণ ভোটাররা যদি নির্ভয়ে ভোট দিতে পারেন, তাহলে অপশক্তির পরাজয় নিশ্চিত হবে।
সেনাবাহিনীর ওপর জনগণের আস্থার কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, এ আস্থার মর্যাদা রক্ষা করে একটি স্বচ্ছ ও ঐতিহাসিক নির্বাচন উপহার দেয়াই এখন সময়ের দাবি। তিনি আশা প্রকাশ করেন, দিন শেষে একটি গ্রহণযোগ্য ফলাফলের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক যাত্রা নতুন গতি পাবে।
সবার দেশ/কেএম




























