Sobar Desh | সবার দেশ বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:১৩, ৩০ আগস্ট ২০২৫

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি

নুরের ওপর হামলা, সারাদেশে প্রতিরোধ আন্দোলনের ডাক

হামলার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন তীব্র নিন্দা জানিয়েছেন। তারা নুরের সুচিকিৎসা নিশ্চিত করার এবং হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার আহ্বান জানিয়েছেন।

নুরের ওপর হামলা, সারাদেশে প্রতিরোধ আন্দোলনের ডাক
ছবি: সংগৃহীত

রাজধানীর বিজয়নগরে শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গুরুতর আহত হয়েছেন। হামলার ঘটনায় নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

নুরকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। ঢামেক হাসপাতালের চিকিৎসক জানান, নুরের নাক ও চোখে গুরুতর আঘাত রয়েছে এবং ৪৮ ঘণ্টা পর্যন্ত অবস্থার নিশ্চিত তথ্য জানা যাবে না।

নুরের ওপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদ শনিবার (৩০ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে। দলের ছাত্র, যুব, শ্রমিকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সকল নেতাকর্মীকে এ শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সংঘর্ষ ও হামলার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন তীব্র নিন্দা জানিয়েছেন। তারা নুরের সুচিকিৎসা নিশ্চিত করার এবং হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার আহ্বান জানিয়েছেন।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৯ আগষ্ট) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপি সবসময় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা ব্যাহত হয় এমন কোনো কর্মকাণ্ডকে দলটি সমর্থন করে না।

মির্জা ফখরুল বলেন, সুস্থ ধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তিনি নুরুল হক নুরের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য লাঠিচার্জ করে গুরুতর আহত করার ঘটনায় তীব্র উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি হামলায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়েছে।

নুরুল হক নুর ও তার দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে বাংলামোটর মোড়ে দলীয় কার্যালয়ের সামনে এনসিপি নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। তারা নুরুল হক নুরকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা হিসেবে আখ্যা দিয়ে তার ওপর হামলার তীব্র নিন্দা জানান।

বিক্ষোভকারীরা স্লোগানে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, জাতীয় পার্টির মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে। ভারতীয় মদদে জাতীয় পার্টিকে সামনে রেখে দেশে পুনরায় ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান। শুক্রবার (২৯ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে ‘জাপা, ব্যান ব্যান’, ‘একটা একটা জাপা ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘হাসিনা গেছে যেই পথে, জাপা যাবে সেই পথে’ স্লোগান দিতে শোনা যায়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ভারতের মদদে জাতীয় পার্টিকে ব্যবহার করে পতিত আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন চেষ্টা হলে আবারও জুলাইয়ের আন্দোলন নামবে।

ডাকসুর সাবেক ভিপি প্রার্থী জামালুদ্দিন খালিদ বলেন, নুরুল হক নুরকে নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু ফ্যাসিবাদের আমলে তিনি সাহসের প্রতীক ছিলেন। হামলার ভিডিও দেখে বোঝা যায়, এটা পরিকল্পিত হামলা। জুলাইয়ের ওপর যারা হাত তুলবে তাদের ছাড় দেয়া হবে না। সেনা ও পুলিশ—যারা জড়িত তাদের বিচার করতে হবে। ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে।

এছাড়া জুলাই ঐক্যের ১০১ সংগঠনও হামলার তীব্র নিন্দা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছে, নির্যাতন বন্ধ না হলে সারা দেশে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা হবে। জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়েরের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, “চব্বিশের বিপ্লবের সহযোদ্ধা নুরসহ অর্ধশতাধিক জুলাই যোদ্ধার ওপর হামলা জুলাই স্পিরিটের সঙ্গে বেইমানি। যারা এ স্পিরিটের সঙ্গে বেইমানি করবে, তাদের অবস্থা খুনি হাসিনার মতোই হবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদে নুর ও নেতাকর্মীরা মাঠে নেমেছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ন্যক্কারজনকভাবে হামলা চালায়। জুলাই ঐক্য ও সহযোগী ১০১ সংগঠন অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সামরিক ও আধাসামরিক বাহিনীর সদস্যদের চিহ্নিত করে আইনানুগ শাস্তির দাবি করেছে।

হাসপাতালে নুরকে দেখতে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে আসিফ নজরুলের উপস্থিতিতে হাসপাতাল চত্বরে উত্তেজনা তৈরি হয় এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা তাকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে অবরুদ্ধ করেন।

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা, নুরের দ্রুত আরোগ্য এবং সারা দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিয়েছে গণঅধিকার পরিষদ। আজ শনিবার দেশের প্রতিটি জেলা ও উপজেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এনসিপিতে যোগ দিচ্ছেন জুলাই আন্দোলনের নেতারা
খালেদা-তারেক গ্রেফতারে চাপ ছিলো দুই সম্পাদকের
ফ্রান্সে অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস
হরমুজে মার্কিনী ‘পুলিশি’ জাহাজকে ডুবিয়ে দিবে ইরান
হরমুজে জাহাজ চলাচলে সুখবর দিলো ইরান
জ্বালানি সংকটে স্থগিত বার কাউন্সিল নির্বাচন
রাজনীতি নয়, ধর্মীয় বিষয়েই সীমাবদ্ধ থাকুন: পোপকে ভ্যান্স
‘কুষ্টিয়ায় পীর হত্যায় জামায়াত জড়িত নয়’
ইসরায়েলগামী অস্ত্রচালান বেলজিয়ামে জব্দ
ইকবাল সোবহান চৌধুরীকে বিমানবন্দরে আটকালো পুলিশ
ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী হোয়াইট হাউস
জ্বালানি সংকট মেটাতে ২০০ কোটি ডলার সহায়তা চাইলো বাংলাদেশ
পাকিস্তানের সেনাপ্রধান তেহরানে
শিগগিরই প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ
বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলা টিকা দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি ট্রাম্পের
মালয়েশিয়ায় স্থানান্তর করা হলো মির্জা আব্বাসকে