উষ্ণ অভ্যর্থনায় বাংলাদেশি হাজিরা
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
পবিত্র হজ পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশের প্রথম দফার হাজিরা। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে ৪১৯ জন হজযাত্রী জেদ্দায় অবতরণ করেন। সেখানে পৌঁছেই তারা পান উষ্ণ অভ্যর্থনা।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, জেদ্দা বিমানবন্দরে হাজিদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম।
অভ্যর্থনার অংশ হিসেবে হাজিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে তুলে দেয়া হয় রিফ্রেশমেন্ট কিট। দীর্ঘ ভ্রমণের পর এ আয়োজনে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসালট্যান্ট জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের হেড অব অপারেশন ইহাহিয়া রাদি এবং সৌদি প্রতিষ্ঠাননুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন।
উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যায়ক্রমে আরও হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে এবং হাজিদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
সবার দেশ/কেএম




























