আসিফ মাহমুদের পাল্টা ঘোষণা
‘আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করবো’
বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার ব্যাংক হিসাব তলব করার পরই পাল্টা অবস্থান নিলেন সদ্যসাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি ঘোষণা দিয়েছেন, নিজেই তার ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে উন্মুক্ত করবেন।
মঙ্গলবার রাতে এক প্রতিক্রিয়ায় আসিফ মাহমুদ বলেন, আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করবো। পদত্যাগের আগেই আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে এসেছি।
এর আগে সোমবার (৩ মার্চ) বিকেলে বিএফআইইউ দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো এক চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে তার ব্যক্তিগত ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য জমা দেয়ার নির্দেশনা দেয়। এতে তার সব ধরনের লেনদেন ও সংশ্লিষ্ট নথি সরবরাহ করতে বলা হয়েছে।
রাজনীতিতে আসিফ মাহমুদের উত্থান ছাত্র রাজনীতি থেকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে তিনি যুব ও ক্রীড়া, শ্রম ও কর্মসংস্থান এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন।
তবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার, বিলাসী জীবনযাপন এবং কুমিল্লার মুরাদনগরে নির্বাচনকেন্দ্রিক প্রভাব বিস্তারের অভিযোগে তিনি সমালোচনার মুখে পড়েন। স্থানীয় পর্যায়ে বিক্ষোভের ঘটনাও ঘটে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতির অংশ হিসেবে ২০২৫ সালের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। সে সময় ঢাকা-১০ আসন থেকে প্রার্থী হওয়ার জোর গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেননি। পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সবার দেশ/কেএম




























