ইমানী শক্তির কাছে বর্বরতার পরাজয় অনিবার্য: ইরান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে ইরান কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। তেহরান থেকে জানানো হয়েছে, যেকোনও ধরনের বর্বরতার বিরুদ্ধে একটি সভ্য জাতির সংস্কৃতি, যুক্তি ও বিশ্বাসের শক্তির কাছে পরাজয় অনিবার্য।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে সোশ্যাল মিডিয়া এক্স-এ (সাবেক টুইটার) পোস্টে বলেন,
কোনও সৎ উদ্দেশ্য নিয়ে যখন একটি সভ্য জাতি অগ্রসর হয়, তখন তাদের সংস্কৃতি, যুক্তি এবং বিশ্বাসের শক্তির কাছে বর্বরতার পরাজয় অনিবার্য।
তিনি আরও জানান, ইরান সত্যের ওপর বিশ্বাস রাখে এবং নিজেদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে সর্বশক্তি প্রয়োগ করতে দ্বিধা করবে না।
এর আগে ট্রাম্প হুমকি দিয়ে লিখেছিলেন, আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হতে যাচ্ছে, যা আর কখনোই ফিরে আসবে না। তিনি সতর্ক করেছেন, যদিও তিনি চাইছেন না, পরিস্থিতি সম্ভবত সে দিকে গড়াচ্ছে।
ইরানের সামরিক বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের নাগরিক বা অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়, তবে তাৎক্ষণিক এবং কঠোর জবাব দেয়া হবে।
মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে এ পাল্টাপাল্টি হুঁশিয়ারি এবং প্রতিক্রিয়া চরম উত্তেজনা তৈরি করেছে।
সবার দেশ/কেএম




























