মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর মেক্সিকো ও প্রতিবেশী গুয়াতেমালার উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (১৭ জুলাই) সকাল ৮টা ৪৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গুয়াতেমালা সীমান্তবর্তী মেক্সিকোর চিয়াপাস রাজ্যের পুয়ের্তো মাদেরো বন্দরের অদূরে। কেন্দ্রস্থলটি সংশ্লিষ্ট এলাকা থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা জানায়, কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটার ব্যাসার্ধের উপকূলীয় এলাকায় বিপজ্জনক সুনামি ঢেউ আঘাত হানার আশঙ্কা রয়েছে।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, মেক্সিকো ও গুয়াতেমালার কয়েকটি উপকূলে স্বাভাবিক জোয়ারের উচ্চতার তুলনায় ৩০ সেন্টিমিটার থেকে ১ মিটার পর্যন্ত উঁচু ঢেউ সৃষ্টি হতে পারে। এ কারণে উপকূলবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে।
সবার দেশ/কেএম




























