সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক প্রধানমন্ত্রীর উপস্থিতি
বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এ প্রথম কোনও প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সরাসরি উপস্থিত হয়ে মাঠপর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান।
মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রশিক্ষণ এলাকার বিভিন্ন অংশ হেঁটে ঘুরে দেখেন এবং চলমান মহড়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ‘ফার্ম বেস’-এর বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং ইউনিটের কমান্ডিং অফিসার (সিও) তাকে প্রশিক্ষণের বিভিন্ন ধাপ, কৌশলগত প্রস্তুতি ও অপারেশনাল পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা (ভার্বাল অর্ডার) মনোযোগ দিয়ে শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত ‘রেইড’ মহড়াও প্রত্যক্ষ করেন।
এ ছাড়া যুদ্ধক্ষেত্রে সেনাদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী যুদ্ধপ্রস্তুতির বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। তিনি সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশ নেয়া কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থান নেয়া সেনাসদস্যদের কাছেও গিয়ে তাদের দায়িত্ব পালনের খোঁজখবর নেন এবং উৎসাহ দেন।
মহড়া পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন। সরকারপ্রধানকে মাঠপর্যায়ে দীর্ঘ সময় নিজেদের সঙ্গে পেয়ে সেনাসদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

পরে সেনাসদস্যদের উদ্দেশে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণের বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর আস্থা রয়েছে। জাতীয় সংকট মোকাবিলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, কঠোর শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক সাফল্য কামনা করেন তিনি।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সবার দেশ/কেএম




























