নির্বাচনের শেষ সপ্তাহ ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, আমরা অত্যন্ত সন্তুষ্ট। এখন আমাদের চ্যালেঞ্জ হল ভোটটি পুরোপুরি নিখুঁত করা। আগামী এক সপ্তাহ এ প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার বরাত দিয়ে এসব তথ্য জানান।
প্রধান উপদেষ্টা জানান, সারা দেশে নির্বাচনী প্রচারণা উৎসাহপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে। ভোট উৎসবমুখর হবে এবং নারীরা আনন্দের সঙ্গে ভোটে অংশ নেবেন। মানুষ পুরো পরিবার নিয়ে ভোট উৎসবে অংশগ্রহণ করবেন। তিনি আশা প্রকাশ করেন, এ নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশে কেউ কারোর বিরুদ্ধে কটু কথা বলছে না এবং কোনো অভদ্র আচরণ হচ্ছে না। এটি দেশের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।
সবার দেশ/কেএম




























