কাঁচা খেজুরের রস পান
নিপাহ ভাইরাসে দেশে প্রথম মৃত্যু
কাঁচা খেজুরের রস পান করার পর নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে নওগাঁর এক নারীর মৃত্যু হয়েছে। গত ২৮ জানুয়ারি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চলতি বছর দেশে এটিই নিপাহ ভাইরাসে প্রথম মৃত্যু।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শানি সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
নওগাঁ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ৪০ থেকে ৫০ বছর বয়সী ওই নারীর শরীরে গত ২১ জানুয়ারি থেকে তীব্র জ্বর, মাথাব্যথা ও শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হলে ২৭ জানুয়ারি তাকে নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় তার গলা থেকে শ্লেষ্মা ও রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে তার শরীরে নিপাহ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়। পরদিন ২৮ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম জানান, আইইডিসিআর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। তবে স্থানীয় স্বাস্থ্য বিভাগ এখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে লিখিতভাবে কোনও চিঠি পায়নি। লিখিত নির্দেশনা পাওয়ার পর বিস্তারিত তথ্য জানানো হবে। পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই নারীর কোনও ভ্রমণ ইতিহাস ছিলো না। তবে অসুস্থ হওয়ার কিছুদিন আগে তিনি কাঁচা খেজুরের রস পান করেছিলেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, নিপাহ ভাইরাসের প্রধান বাহক টেরোপাস প্রজাতির ফলাহারি বাদুড়। শীত মৌসুমে বাদুড় খেজুরের রস সংগ্রহের হাঁড়িতে মুখ দিলে তাদের লালা বা মলমূত্রের মাধ্যমে রসে ভাইরাস মিশে যেতে পারে। সে কাঁচা রস পান করলে মানুষ সরাসরি ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা কাঁচা খেজুরের রস পান না করা এবং রস সংগ্রহের হাঁড়ি সুরক্ষিত রাখার পরামর্শ দিয়েছেন।
সবার দেশ/কেএম




























