খামেনির মৃত্যুর পর নেতৃত্ব সংকট
২৪ ঘণ্টার মধ্যে ইরানের নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা
ইরানের নতুন সুপ্রিম লিডারের নাম আগামী ২৪ ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর দেশটিতে নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।
প্রথমদিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে খামেনির ছেলে মোজতবা খামেনির নাম ব্যাপকভাবে আলোচনায় আসে। তবে এখন পর্যন্ত নতুন সুপ্রিম লিডারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি তেহরান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে এক প্রতিবেদনে জানায়, ইরানের বার্তাসংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে—দেশটির নতুন সুপ্রিম লিডার নির্বাচন করার সাংবিধানিক সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্ট শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছে।
এই পরিষদের সদস্য হোসেন মোজাফারি বলেন, ঐশ্বরিক সহায়তা নিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই নতুন বৈঠক অনুষ্ঠিত হবে। এর মধ্যেই দেশের সর্বোচ্চ নেতার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হতে পারে। তাই এ সময়ের মধ্যে কেউ যেন কোনও গুজব না ছড়ায়।
ইরানের সংবিধান অনুযায়ী, দেশের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা নির্বাচনের দায়িত্ব অ্যাসেম্বলি অব এক্সপার্টের ওপর ন্যস্ত। এ পরিষদের সদস্যরা বৈঠকে বসে পরবর্তী সুপ্রিম লিডার নির্বাচন করে থাকেন।
খামেনির মৃত্যুর পর ইরানের রাজনীতি ও ক্ষমতার কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, নতুন সুপ্রিম লিডার নির্বাচনের মাধ্যমে দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা স্পষ্ট হতে পারে।
সবার দেশ/কেএম




























