পরে জানলাম সে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়
প্রেমে পড়ার আগে এমবাপ্পেকে চিনতেনই না এস্তার!
মাঠে গোলের ঝড়তোলা তারকা ফুটবলার, আর পর্দায় দর্শক মাতানো জনপ্রিয় অভিনেত্রী—দুই ভুবনের এ দুই তারকার সম্পর্ক নিয়ে এখন সরগরম ইউরোপের বিনোদন ও ক্রীড়া অঙ্গন। কিলিয়ান এমবাপ্পে ও স্প্যানিশ অভিনেত্রী এস্তার এক্সপোসিতোর প্রেম নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
চোটের কারণে প্রায় তিন সপ্তাহ ধরে মাঠের বাইরে রয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে। তবে মাঠের ব্যস্ততা না থাকলেও ব্যক্তিগত জীবনটা বেশ আনন্দেই কাটছে তার। সম্প্রতি স্পেনের বিভিন্ন জায়গায় এমবাপ্পে ও এস্তারকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। সে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নতুন আলোচনা।

এ সম্পর্ক নিয়ে এতদিন গুঞ্জন থাকলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে এস্তার এমন একটি কথা বলেছেন, যা ভক্তদের বেশ চমকে দিয়েছে। তিনি জানিয়েছেন, এমবাপ্পের সঙ্গে প্রথম দেখা হওয়ার সময় তিনি আদৌ জানতেন না এ তরুণ আসলে বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা।

সাক্ষাৎকারে এস্তার বলেন, প্রথম দেখাতেই এমবাপ্পেকে দেখে তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তার ভাষায়, আমি ওকে দেখেই ভাবছিলাম—ছেলেটা কী দারুণ! কিন্তু তখনও জানতাম না সে আসলে কে।

পরে বন্ধুর কাছ থেকে জানতে পারেন, যাকে দেখে তিনি মুগ্ধ হয়েছেন, তিনি আর কেউ নন—বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তারকা এমবাপ্পে এবং রিয়াল মাদ্রিদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

এরপর থেকেই দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং ধীরে ধীরে তা রূপ নেয় ঘনিষ্ঠ সম্পর্কে—এমনটাই দাবি করছে ইউরোপের বিভিন্ন বিনোদনমাধ্যম।
তবে এস্তারকে ঘিরে ফুটবল অঙ্গনে গুঞ্জন নতুন নয়। ২৬ বছর বয়সী এ অভিনেত্রীর নাম অতীতে ভিনিসিয়ুস জুনিয়র, করিম বেনজেমা ও এদের মিলিতাওয়ের সঙ্গেও জড়ানো হয়েছিলো। যদিও সে সময় বিভিন্ন সংবাদমাধ্যম বিষয়টির সত্যতা নিশ্চিত করতে পারেনি।

এদিকে এমবাপ্পে–এস্তারের সম্পর্ক নিয়ে এখনও কেউ আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবুও দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার ঘটনা এবং সাম্প্রতিক সাক্ষাৎকারের মন্তব্য নতুন করে জল্পনা বাড়িয়ে দিয়েছে।
মাঠের বাইরে প্রেমের গল্প যতই রঙিন হোক, ভক্তদের অপেক্ষা এখন একটাই—কবে আবার চোট কাটিয়ে মাঠে ফিরবেন এমবাপ্পে, আর গোলের বন্যা বইয়ে দেবেন প্রতিপক্ষের জালে।
সবার দেশ/কেএম




























