আড়াই ঘণ্টায় অংশগ্রহণ মাত্র ৭ শতাংশ
বগুড়া-৬ উপনির্বাচনে ধীরগতির ভোট
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হলেও সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিলো তুলনামূলক কম। ফলে দিনের শুরুতেই ভোটদানে দেখা গেছে মন্থর গতি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে প্রথম আড়াই ঘণ্টায়, অর্থাৎ সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৭ দশমিক ০২৩ শতাংশ।
জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, এ আসনের ১৫০টি ভোটকেন্দ্রে মোট ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন ভোটারের মধ্যে সকাল ১০টা পর্যন্ত ৩১ হাজার ৬২০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
পরিস্থিতি প্রতিবেদন-০২ এ এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান জানান, বৈরি আবহাওয়ার কারণে সকাল থেকে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত হয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আসনটি ছেড়ে দেয়ায় এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
সবার দেশ/কেএম




























