৩০০ ফুটে ডাকাতির ভিডিও ভাইরাল, আসলে যা ঘটেছিলো
রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট সড়কে চেকপোস্টে একটি প্রাইভেট কার আটকে লাঠিসোঁটা দিয়ে ভাঙচুরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ডাকাতির অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, সেখানে ডাকাতির কোনও ঘটনা ঘটেনি। পুলিশের দাবি, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির আগে ককটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে একটি প্রাইভেট কার ধাওয়া করে ভাঙচুর করা হয়েছিলো।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত থেকে ৩০০ ফুট সড়কের এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মধ্যরাতে একটি চেকপোস্টে কয়েকজন যুবক প্রাইভেট কারটি থামানোর চেষ্টা করছেন। গাড়িটি না থামায় তারা লাঠিসোঁটা দিয়ে সেটি ভাঙচুর করছেন। এ সময় গাড়ির ভেতরে থাকা ব্যক্তিদের চিৎকার করে ভাঙচুর না করার অনুরোধ জানাতেও শোনা যায়।
ভিডিওটির সঙ্গে ‘৩০০ ফুট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতি, ড্যাশক্যামে ধরা পড়লো ভয়ংকর মুহূর্ত!’ এমন ক্যাপশন দেয়া হয়। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি দেশের কয়েকটি প্রথম সারির গণমাধ্যমেও ঘটনাটিকে ডাকাতির চেষ্টা হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হয়।
প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়, রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট সড়কে গভীর রাতে একটি প্রাইভেট কার থামিয়ে ডাকাতির চেষ্টা করে দুর্বৃত্তরা। গাড়ির ড্যাশক্যামে ধারণ করা ভিডিওতে তাদের তৎপরতা দেখা গেছে। তবে ঘটনাটি ঠিক কবে ও কখন ঘটেছিলো, সে বিষয়ে প্রতিবেদনগুলোতে স্পষ্ট তথ্য ছিলো না।
এ পরিস্থিতিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে বলা হয়, ৩০০ ফুট সড়কে ডাকাতির কোনও ঘটনা ঘটেনি। বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানায় পুলিশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়ে অসমর্থিত ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকা সবার দায়িত্ব। এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হয়ে সন্দেহজনক কোনও ঘটনা বা অপরাধের তথ্য নিকটস্থ থানা কিংবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।
তবে ডিএমপির বিজ্ঞপ্তিতে ভিডিওটির প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ভিডিওটি কবে ধারণ করা হয়
ভিডিওটির সত্যতা যাচাই করে দেখা যায়, ড্যাশক্যামের ফুটেজটি গত ১৮ নভেম্বর রাত ১১টা ৫৪ মিনিটে ধারণ করা হয়েছিলো। ঘটনাস্থল জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে, যা সাধারণভাবে ৩০০ ফুট সড়ক নামে পরিচিত।
এলাকাটি ডিএমপির গুলশান বিভাগের খিলক্ষেত থানার আওতাধীন। খিলক্ষেত থানা পুলিশও ঘটনাটি ১৮ নভেম্বর রাতের বলে নিশ্চিত করেছে।
ককটেল বিস্ফোরণ ঘিরে ধাওয়া ও ভাঙচুর
খিলক্ষেত থানা পুলিশ জানায়, ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির আগের দিন রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে এ ঘটনা ঘটে।
ওই দিন লকডাউন কর্মসূচি ঘিরে রূপগঞ্জ থানার নীলা মার্কেট-সংলগ্ন এক্সপ্রেসওয়ে চত্বর এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে ঘটনাস্থলের কাছাকাছি আগে থেকেই অবস্থান করছিলেন রূপগঞ্জ থানা ছাত্রদল ও যুবদলের ৫০ থেকে ১০০ জন নেতাকর্মী। তারা নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর অনুসারী। সংসদ সদস্যের সহকারী একান্ত সচিব (এপিএস) শিবলু ভূঁইয়াও সেখানে উপস্থিত ছিলেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ককটেল বিস্ফোরণের শব্দ শুনে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা একটি প্রাইভেট কার শনাক্ত করেন। পরে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে করে গাড়িটিকে ধাওয়া করা হয়। প্রাইভেট কারটি দ্রুতগতিতে ঢাকার দিকে চলে আসে।
একপর্যায়ে গাড়িটি খিলক্ষেত থানার মস্তুল চেকপোস্টে পৌঁছালে গতি কমে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা নেতাকর্মীরা গাড়িটি ভাঙচুর করেন। তবে গাড়িটি চেকপোস্টের ব্যারিকেডে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। পরে আর গাড়িটির সন্ধান পাওয়া যায়নি।
যা বললেন সংসদ সদস্যের এপিএস
এ বিষয়ে মঙ্গলবার বিকেলে শিবলু ভূঁইয়া জানান, প্রাইভেট কারটি থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়া হয়েছিলো। পরে তিনি পূর্বাচল পুলিশ ফাঁড়ির এক সদস্যের সহায়তায় মস্তুল চেকপোস্টে বিষয়টি জানান।
তার দাবি, পুলিশ চেকপোস্টে গাড়িটি থামানোর সংকেত দিলেও চালক গাড়ি না থামিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ কারণে তাদের নেতাকর্মীরা গাড়িটিকে ধাওয়া করে ভাঙচুর করেন। অথচ ঘটনাটিকে ডাকাতির ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
এ বিষয়ে ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাটি কয়েক দিন আগের। ভিন্ন একটি ঘটনাকে ডাকাতি হিসেবে প্রচার করা হচ্ছে।
এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
সবার দেশ/কেএম




























