৩ মাসের মধ্যে নতুন নির্বাচন
বিসিবি বোর্ড ভেঙে এডহক কমিটি, প্রধান তামিম
নির্বাচনে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর বর্তমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল-কে প্রধান করে ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনে গুরুতর অনিয়মের অভিযোগ ওঠায় তদন্ত করে বর্তমান বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। এডহক কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন মাস, এর মধ্যেই নতুন নির্বাচন আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বোর্ড ভেঙে দেয়ার বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল-কে ইমেইলের মাধ্যমে অবহিত করা হয়েছে।
এডহক কমিটির অন্য সদস্যরা হলেন—রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।
সবার দেশ/কেএম




























