শোকাহত মেসির পাশে রোনালদো, বললেন ‘শক্ত হও’
মাঠে দীর্ঘদিনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই তারকার মধ্যে মাঠের বাইরে ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক না থাকলেও কঠিন সময়ে মেসির পাশে দাঁড়িয়েছেন রোনালদো। বাবা হারানোর শোকে কাতর আর্জেন্টাইন অধিনায়ককে জানিয়েছেন গভীর সমবেদনা।
সম্প্রতি বাবা হোর্হে মেসিকে হারিয়েছেন লিওনেল মেসি। বাবাকে হারিয়ে শোকাহত মেসি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন খোলা চিঠি লিখেছেন। সেখানে বাবা-ছেলের গভীর সম্পর্ক, বাবার প্রতি ভালোবাসা এবং প্রিয়জনকে হারানোর বেদনা ফুটে উঠেছে।
মেসির এ কঠিন সময়ে তার প্রতি সহমর্মিতা জানিয়ে ইনস্টাগ্রামে মন্তব্য করেছেন রোনালদো। তিনি মেসি ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, এ কঠিন সময়ে তাদের শক্ত থাকতে হবে।
রোনালদো লেখেন,
লিও, কঠিন এ সময়ে তোমাকে এবং তোমার ভালোবাসার মানুষদের আলিঙ্গন। শক্ত হও।
দুই তারকার দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে একে অপরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিতি থাকলেও ব্যক্তিগত শোকের মুহূর্তে রোনালদোর এ বার্তা মেসির প্রতি তার মানবিক সহমর্মিতারই প্রকাশ বলে মনে করছেন ফুটবলপ্রেমীরা।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মেসির বাবা হোর্হে মেসি। সর্বশেষ বিশ্বকাপের আগ থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছিলো। দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার রাতে আর্জেন্টিনার রোসারিও শহরের একটি হাসপাতালে ৬৮ বছর বয়সে মারা যান তিনি।
বাবার মৃত্যুর খবর পাওয়ার পর স্ত্রী ও সন্তানদের নিয়ে ব্যক্তিগত বিমানে দ্রুত রোসারিওতে পৌঁছান ইন্টার মায়ামির তারকা মেসি। এরপর থেকেই ফুটবলের ব্যস্ততা থেকে নিজেকে দূরে রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে বাবাকে হারানোর শোক সামলানোর চেষ্টা করছেন তিনি।
হোর্হে মেসি শুধু মেসির বাবা ছিলেন না, তার ফুটবল ক্যারিয়ারের শুরুর দিনগুলোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ছেলের প্রতিভা ও ক্যারিয়ারের বিকাশে তার অবদান ছিলো উল্লেখযোগ্য। তাই বাবার মৃত্যু মেসির ব্যক্তিগত জীবনে বড় শূন্যতা তৈরি করেছে।
মেসির শোকের সময়ে রোনালদোর সংক্ষিপ্ত কিন্তু আবেগপূর্ণ বার্তাটি ফুটবল বিশ্বের দুই মহাতারকার প্রতিদ্বন্দ্বিতার বাইরে মানবিক সম্পর্কের একটি দিকও সামনে এনেছে।
সবার দেশ/কেএম




























