Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪২, ১৯ আগস্ট ২০২৫

একনজরে এবারের ডাকসু নির্বাচন

একনজরে এবারের ডাকসু নির্বাচন
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ আগস্ট থেকে শুরু হয়ে সোমবার (১৮ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনে ৫৬৫টি এবং হল সংসদে মোট ১২২৬টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনের কার্যালয় থেকে প্রার্থীরা ফরম সংগ্রহ করেছেন। আগামীকাল মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৩টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট দুপুর ১টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। এর আগে গত ২৯ জুলাই ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ডাকসুর মনোনয়ন সংগ্রহ করেছেন ৫৬৫ জন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য মোট ৫৬৫টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। শেষ দিনে একাই ৪৪২ জন প্রার্থী ফরম নেন। সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। অন্যদিকে ১৮টি হল সংসদের নির্বাচনের জন্য মোট ১২২৬টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

এখনো প্যানেল ঘোষণা করেনি ছাত্রদল

মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ হলেও জাতীয়তাবাদী ছাত্রদল এখনো পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি। তবে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা ব্যক্তিগতভাবে মনোনয়ন সংগ্রহ করেছেন। সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে তাদের কয়েকজন প্রার্থী বাধার মুখে পড়েছেন। অভিযোগ করা হয়, উসকানি দিয়ে ছাত্রদলের প্রার্থীদের ফরম নিতে বাধা দেওয়া হয়েছে। এ বিষয়ে তারা প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছেন। ভিপি পদে মনোনয়ন নিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান। এছাড়া আবিদুল ইসলাম খান, তানভীর বারী হামিম, তানভীর আল হাদী মায়েদসহ একাধিক নেতা মনোনয়ন নিয়েছেন।

শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল

ইসলামী ছাত্রশিবির ডাকসুর জন্য ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। তাদের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান। বিভিন্ন সম্পাদকীয় পদে ইকবাল হায়দার, খান জসিম, আসিফ আবদুল্লাহ, শরিফুল ইসলাম মুয়াজ, আরমান হোসাইন, ফাতেমা তাসনিম জুমা, উম্মে সালমা, নুরুল ইসলাম সাব্বির, এম এম আল মিনহাজ, সাখাওয়াত জাকারিয়া, সাজ্জাদ হোসাইন খান ও মাজহারুল ইসলামসহ আরও অনেকে মনোনয়ন পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে ১৪ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যাদের মধ্যে আছেন সর্ব মিত্র চাকমা, ইমরান হোসাইন, বেলাল হোসেন অপু, জয়েন উদ্দিন সরকার তন্ময়সহ আরও অনেকে।

ইমি ও বসুর নেতৃত্বে বাম জোট

বাম ছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত বামজোটও তাদের প্যানেল ঘোষণা করেছে। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ ইতি আফরোজ ইমি এবং জিএস পদে মেঘমল্লার বসু। এজিএস পদে লড়বেন জাবির আহমেদ জুবেল। প্যানেলে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র কাউন্সিল, ছাত্র যুব আন্দোলন, পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক ছাত্র মঞ্চ এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মোজাম্মেল হক। বাকি পদগুলোতে কারা প্রার্থী হবেন তা মঙ্গলবার ঘোষণা করা হবে।

প্যানেল ঘোষণা করেনি বাগছাসও

‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ ব্যানারে নির্বাচনে অংশ নিচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। তবে কে কোন পদে প্রার্থী হবেন তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। যদিও শোনা যাচ্ছে, ভিপি পদে আব্দুল কাদের, জিএস পদে আবু বাকের মজুমদার এবং এজিএস পদে আশরেফা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ প্যানেল

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। ভিপি পদে বিন ইয়ামিন মোল্লা, সহসভাপতি পদে সাবিনা ইয়াসমিন, এজিএস পদে রাকিবুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিভিন্ন সম্পাদকীয় পদে মনোনয়ন পেয়েছেন শাকিব খান, আরিফুর রহমান, রাশেদ আন আদিব, মুক্তার হোসেন, আশিক হৃদয় আহমেদ, রাকিব হোসেন গাজী, ইশতিয়াক আহমেদ এবং সিয়াম ফেরদৌস ইমন।

উমামার স্বতন্ত্র প্যানেল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে গঠিত হয়েছে স্বতন্ত্র প্যানেল। সোমবার দুপুরে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। শোনা যাচ্ছে, তার নেতৃত্বাধীন প্যানেলে ভিপি পদে থাকবেন উমামা নিজে, জিএস পদে ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়া এবং এজিএস পদে বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী। পূর্ণাঙ্গ তালিকা মঙ্গলবার ঘোষণা করা হবে।

জামালুদ্দীন ও এনসিপির মাহিন সরকার প্যানেল

স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মদ খালিদ ভিপি পদে লড়বেন। তার সঙ্গে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফাতেহা শারমিন এ্যানি।

পরবর্তী প্রক্রিয়া

আগামী ২১ আগস্ট পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই চলবে। এর পর প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। একই দিন ফলাফলও ঘোষণা করা হবে। এ নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন, যার মধ্যে ২০ হাজার ৮৭১ জন ছাত্র এবং ১৮ হাজার ৯০২ জন ছাত্রী। ২০১৯ সালের নির্বাচনের পর এবারই প্রথম ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। তবে এবার মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা হবে, যা আগের তুলনায় বেশি। শিক্ষার্থীদের দাবির মুখে এবার যুক্ত হয়েছে গবেষণা ও প্রকাশনা সম্পাদক, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এবং মানবাধিকার ও আইন সম্পাদক—এই চারটি নতুন পদ।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ইরানের ক্ষেপণাস্ত্রে মার্কিন এফ-১৫ বিধ্বস্ত
খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি