মন্তব্য ঘিরে নতুন আলোচনা
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মজার ছলে জানিয়েছেন, সুযোগ পেলে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন। এমন মন্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় তিনি বেশ জনপ্রিয় এবং সেখানে নির্বাচন করলে আগের যেকোনোও প্রার্থীর চেয়ে বেশি সমর্থন পেতে পারেন।
তিনি বলেন,
আমি এখানের কাজ শেষ করলে ভেনেজুয়েলায় যাবো। খুব দ্রুত স্প্যানিশ শিখে ফেলবো—ভাষা শেখায় আমি ভালো। তারপর প্রেসিডেন্ট নির্বাচন করবো।
তবে একই সঙ্গে বর্তমান নেতৃত্ব নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন ট্রাম্প।
প্রসঙ্গত, চলতি বছরের ৩ জানুয়ারি মার্কিন বাহিনী ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। এরপর দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও দাবি করেন, ভেনেজুয়াকে ঘিরে সংঘাত ‘মাত্র ৪৫ মিনিটেই শেষ হয়ে গেছে’ এবং যুক্তরাষ্ট্র ইতোমধ্যে দেশটি থেকে বিপুল পরিমাণ তেল সংগ্রহ করেছে।
তার ভাষায়,
আমরা শত শত মিলিয়ন ব্যারেল তেল নিয়েছি—যা এখন হিউস্টনে পরিশোধিত হচ্ছে। এ তেল দিয়েই যুদ্ধের খরচ বহুবার উঠে এসেছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, বর্তমানে ভেনেজুয়ায় ‘ভালো মানুষ’ দায়িত্বে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কও ইতিবাচক। তিনি এ সম্পর্ককে ‘অংশীদারিত্ব’ হিসেবে উল্লেখ করেন।
সবার দেশ/কেএম




























