ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামির আতঙ্ক
দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৭.৪ মাত্রার এ ভূমিকম্পের পরপরই সুনামির আশঙ্কায় উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে উত্তর মালুক্কা সাগরে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল তেরনাতে শহর থেকে প্রায় ১২৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।
প্রাথমিক খবরে জানা গেছে, ভূমিকম্পে একাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আতঙ্কে মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছে।
ভূমিকম্পের পরপরই US Tsunami Warning Center সতর্কতা জারি করে জানায়, উপকেন্দ্র থেকে এক হাজার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা উপকূলগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। এর মধ্যে ফিলিপাইন ও মালয়েশিয়ার উপকূলও রয়েছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, কিছু এলাকায় স্বাভাবিক জোয়ারের তুলনায় প্রায় এক মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। তাই উপকূলীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে।
সবার দেশ/কেএম




























